বিবাহিত, ঠিকাদারেরা নেতা এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি দিয়ে চলছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। কমিটির আহ্বায়কসহ অধিকাংশ নেতার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে তাঁদের অনেকেই বিবাহিত জীবনযাপন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের মনোযোগ কমে যাওয়ায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা চলছে বলে অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কিন্তু শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না। এদিকে কোনো সম্মেলন ছাড়াই দক্ষিণ জেলা ছাত্রলীগের দুটি কমিটি কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংগঠন সূত্রে জানা গেছে, ২০০৩ সালে কেন্দ্রীয় কমিটি ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। তিন মাস মেয়াদি কমিটি সাত বছর পার করেছে কোনো সম্মেলন ছাড়াই। কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফারুক, ছয় যুগ্ম আহ্বায়কের মধ্যে বিজয় বড়ুয়া, নাইমুল হক পারভেজ, তারেকুল ইসলাম ও আবু ছালেহসহ সদস্যদের মধ্যে অনেকেই বিয়ে করে চাকরি, ঠিকাদারি, কেউ ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার অনেকেই যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। সংগঠন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ১৯৮২ সালে বোয়ালখালী কলেজ মাঠে। এরপর প্রতিবারই কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম বলেন, ‘নিজেদের মধ্যে কোন্দল ও কেন্দ্র থেকে কোনো নির্দেশ না আসায় যথা সময়ে সম্মেলন হচ্ছে না।’ জেলা কমিটির সদস্য ও পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোপরান রানা বলেন, ‘আমার ছাত্রত্ব সেই কবে শেষ হয়েছে। বিয়ে করেছি, এখন ঠিকাদারি কাজ করছি। তাই নিজেকে জেলা ছাত্রলীগ নেতা বলতে লজ্জা লাগে।’ দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য ইনজামুল হকসহ সাবেক ও বর্তমান জেলা ছাত্রলীগের একাধিক নেতা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা এবারও কোনো সম্মেলন ছাড়া কেন্দ্রে দুটি কমিটি পাঠিয়েছেন। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য ও লোহাগাড়া ছাত্রলীগের আহ্বায়ক ফজলে এলাহীকে সভাপতি এবং পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মইনুল হককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। অপর দিকে, জেলা কমিটির সদস্য আবদুর রহিমকে সভাপতি ও আনোয়ারা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাল্টা আরেকটি কমিটি গত দুই মাস আগে কেন্দ্রে পাঠানো হয়েছে। যোগাযোগ করা হলে ফজলে এলাহীকে সভাপতি ও এস এম মইনুল হককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি কেন্দ্রে পাঠানোর কথা স্বীকার করেছেন। ফজলে এলাহী সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ছেন বলে দাবি করেন। মেজবাহ উদ্দীন চৌধুরী বলেন, ‘আবদুর রহিমকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ নেতারা সিলেকশন করছেন। পূর্ণাঙ্গ কমিট গঠন করে কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ আহ্বায়ক মোহাম্মদ ফারুক বলেন, ‘আবদুর রহিম আমাদের জেলা, উপজেলা—এমনকি ইউনিয়ন কমিটির সদস্যও নন। সে একজন সাধারণ ছাত্রলীগ কর্মী।’ তবে আবদুর রহিম নিজেকে জেলা কমিটির সদস্য দাবি করে বলেন, ‘তিন মাসের কমিটি সাত বছর ধরে রাখায় প্রতিবাদ করেছিলাম। তাই আমাদের তিনজনকে আহ্বায়ক করে, মোহাম্মদ ফারুককে কেন্দ্রের মাধামে ২০০৬ সালে বহিষ্কার করা হয়। পরে ২০০৮ সালে কেন্দ্রীয় কমিটি আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।’ যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী কেন্দ্রীয় কমিটির কাছে চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে কোনো কমিটি পাঠানোর কথা অস্বীকার করেন। তবে তিনি বলেন, ‘শিগগির আমরা চট্টগ্রামে গিয়ে নতুন জেলা কমিটি গঠন করব।’