বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচ, খেলার মাঠে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার সময় মাঠেই বিবাহিত দলের এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আক্কেলপুর সদরের ফজরউদ্দিন (এফএউ) উচ্চবিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম স্বপন কুমার (৩৭)। তিনি আক্কেলপুর শহরের পশ্চিম হাস্তাবসন্তপুর পালপাড়া মহল্লার প্রয়াত নারায়ণ চন্দ্রের ছেলে। আক্কেলপুর রেলস্টেশন-সংলগ্ন তাঁর মুদি দোকান আছে। স্বপন দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলস্টেশন-সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা বিবাহিত-অবিবাহিত ফুটবল খেলার আয়োজন করেন। বিকেল পাঁচটায় আক্কেলপুর স্কুলমাঠে খেলা শুরু হয়। ফুটবল খেলতে খলতে হঠাৎ করেই স্বপন কুমার মাঠে শুয়ে পড়েন। পরে অন্য খেলোয়াড়েরা এসে স্বপনের মাথায় পানি ঢালেন। সুস্থ না হওয়ায় তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই স্বপন কুমার মারা গেছেন। স্বপনের মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

অবিবাহিত দলের খেলোয়াড় রাসেল হোসেন বলেন, খেলা শেষে প্রীতিভোজ করার কথা ছিল। স্বপন ভাইয়ের মৃত্যুতে মুহূর্তের মধ্যে আনন্দ বিষাদে পরিণত হয়েছে। স্টেশন সড়ক এলাকার ব্যবসায়ী মুমিনুল ইসলাম ওরফে লিটন বলেন, স্বপন কুমার একজন ভালো ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, ‘ফুটবল খেলার সময় স্বপন কুমার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে বলে শুনেছি।’