বিবাহিত ও অছাত্ররাই ফের নেতৃত্বে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর আজ শুক্রবার বগুড়া জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া ছাত্রদলের নেতা-কর্মীরা কয়েক দিন ধরে চাঙা হয়ে উঠেছেন। ছাত্রদলের জেলা কমিটিতে স্থান করে নিতে আবারও অছাত্র ও বিবাহিতরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেউ কেউ নিজেদের তারেক রহমানের অনুসারী প্রমাণ করার চেষ্টা করছেন। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের ৭ জুন তারেক রহমানের উপস্থিতিতে শহরের সূত্রাপুরের চম্পামহলে (সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদারের বাড়ি) ছাত্রদলের জেলার ২৩টি সাংগঠনিক কমিটির নেতাদের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে খাদেমুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর একই বছরের ৫ আগস্ট তত্কালীন ছাত্রদলের সভাপতি আজিজুল বারী ও সাধারণ সম্পাদক শফিউল বারী ৮১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এরপর আর কমিটি হয়নি। ছাত্রদলের নেতারা এ জন্য দেশে জরুরি অবস্থাকে দায়ী করেন। তারেকবিহীন ছাত্রদল বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে ঝিমিয়ে পড়ে। জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি কমে যায়। জেলার ২৭টি সাংগঠনিক কমিটির মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাড়া সবগুলো কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। বেশির ভাগ সাংগঠনিক কমিটির কার্যক্রম নেই বললেই চলে। আবার ৮১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব যেমন নেই, তেমনি তাঁরা বিবাহিত। এই বিবাহিতরাই আবার ছাত্রদলের কমিটিতে আসার জন্য চেষ্টা করছেন। এ অবস্থায় আজ বগুড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রনেতা জানান, বিগত দিনে তারেক রহমানকে ভুল বুঝিয়ে ভুয়া কাগজপত্র দিয়ে অনেকে নেতা হয়েছেন। নেতা হওয়ার পর তৃণমূল পর্যায়ে কোনো খোঁজখবর রাখেননি তাঁরা। তাঁরাই আবার কমিটিতে আসার জন্য তত্পর হয়ে উঠেছেন। অছাত্র ও বিবাহিতদের বাদ দিয়ে সংগঠনের কমিটি গঠনের দাবি জানান তাঁরা। ছাত্রদলের বর্তমান সভাপতি খাদেমুল ইসলাম আইন কলেজে পড়াশোনা করছেন বলে জানান। তিনি দাবি করেন, কমিটিতে কোনো অছাত্র নেই। তা ছাড়া বিবাহিত হলে ছাত্রদল করতে পারবে না বা কমিটিতে থাকতে পারবে না, এমন কোনো নির্দেশনা নেই। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, গঠনতন্ত্রে আছে, ছাত্রদল করতে হলে অবশ্যই ছাত্র হতে হবে। বিবাহিতদের বিষয়ে কোনো কথা উল্লেখ নেই। তিনি জানান, শুক্রবারের কর্মী সম্মেলনে কোনো কমিটি ঘোষণা হবে না। এটা কর্মী সম্মেলন মাত্র। এখানে নেতাদের মতামত নিয়ে পরে হয়তো কমিটি ঘোষণা করা হবে। তিনি আরও জানান, কর্মী সম্মেলনে জেলা কমিটির ৮১ জন, ১২টি থানাসহ ২৭টি সাংগঠনিক কমিটির পাঁচজন করে নেতা-কর্মী উপস্থিত থাকবেন।