বিবাহিত নারীদের ৮০ শতাংশ নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে বর্তমানে বিবাহিত নারীদের শতকরা ৮০ জনই কোনো না-কোনোভাবে নির্যাতনের শিকার হন। আর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন স্বামীর হাতে। কিন্তু পারিবারিক সম্মানসহ বিভিন্ন বিষয় চিন্তা করে অধিকাংশ নারী নীরবে এ নির্যাতন সহ্য করেন।
যদিও সর্বশেষ সরকারি জরিপের ফল বলছে, দেশে গত চার বছরে বিবাহিত নারীদের নির্যাতন কমেছে ৭ শতাংশের মতো।
তবে সরকারের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী কেউই মনে করেন না, এ তথ্যে খুশি হওয়ার তেমন কিছু আছে। কারণ, নির্যাতনের হার এখনো ভয়াবহই আছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন সার্ভে ২০১৫’ শীর্ষক দ্বিতীয় জরিপের ফলাফল গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বিবিএসের এ জরিপ পরিচালনায় সহায়তা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউরোপীয় ইউনিয়ন।
জরিপমতে, বর্তমানে বিবাহিত নারীদের ৮০ দশমিক ২ শতাংশ কোনো না-কোনো ধরনের নির্যাতনের শিকার। ২০১১ সালে প্রথম জরিপে এ সংখ্যা ছিল ৮৭ দশমিক ১ শতাংশ। অর্থাৎ চার বছরে নির্যাতনের হার কমেছে ৭ শতাংশ।
তবে এই বিবাহিত নারীরা আগের মতোই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন স্বামীর হাতে। কিন্তু অধিকাংশই কাউকে কোনো অভিযোগ করেন না।

এ ছাড়া স্বামীদের নিয়ন্ত্রণমূলক আচরণের কারণে নির্যাতনের সংখ্যা নিয়ে জরিপ প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবাহিত নারীর ১৫ শতাংশই এ ধরনের নির্যাতনের শিকার।

জরিপ বলছে, ২৫ থেকে ২৯ বছর বয়সী বিবাহিত নারীরা শারীরিক নির্যাতনের ঝুঁকির মধ্যে থাকেন বেশি। দরিদ্র নারীদের বেশি নির্যাতনের শিকার হতে হয়। জরিপমতে, স্বামীর হাতে নির্যাতনের ঘটনা সিটি করপোরেশনভুক্ত এলাকার (৫৪.৪%) তুলনায় গ্রামেই (৭৪.৮%) বেশি। সিটি করপোরেশনের বাইরে অন্যান্য শহরে নির্যাতনের হার ৭১ শতাংশ। রাজশাহী বিভাগে শারীরিক নির্যাতনের ঘটনা বেশি। ৪১ শতাংশের বেশি নারী জানিয়েছেন, জীবনভর স্বামীর শারীরিক ও যৌন নির্যাতনের কারণে তাঁদের বিভিন্ন আঘাতের সম্মুখীন হতে হয়েছে। ২৮ শতাংশের বেশি নারীকে আঘাতের কারণে চিকিৎসা নিতে হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক নির্যাতনের শিকার হন ৪ শতাংশের বেশি নারী।

আইনি সহায়তা নেওয়ার চিত্র খারাপ: সংখ্যাগতভাবে নির্যাতন কিছুটা কমলেও স্বামীর নির্যাতনের শিকার হওয়ার পর বেশির ভাগ নারী (৭২ দশমিক ৭ শতাংশ) কখনোই নির্যাতনের কথা কাউকে জানাননি। যদিওবা জানান, বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের সদস্য, শ্বশুরবাড়ির লোকজন বা প্রতিবেশীকে জানান। পুলিশ, স্বাস্থ্য কর্মকর্তা, ধর্মীয় বা স্থানীয় নেতার কাছে নির্যাতনের কথা জানানোর সংখ্যা খুবই কম। এ ধরনের অত্যাচারের শিকার মাত্র ১ দশমিক ১ শতাংশ নারী পুলিশের সহায়তা চান। কেন নির্যাতনের কথা জানাননি, এ প্রশ্নের উত্তরে শতকরা ৩৯ জনের বেশি নারী বলেছেন, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে, নির্যাতনের ভয়ে, স্ত্রীকে স্বামীর মারার অধিকার আছে ভেবে অথবা লজ্জায় তাঁরা বিষয়গুলো কাউকে জানানোর প্রয়োজনই মনে করেননি।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বিবিএসের জরিপের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আগে মেয়েসন্তান হলে ছেলেসন্তানের জন্য পুরুষেরা একাধিক বিয়ে করতেন। এখন মেয়েসন্তানের ওপর নির্ভরতা বেড়েছে। বর্তমানে নারীরা উপার্জন করছেন। তিনি বলেন, এখন পর্যন্ত নারী নির্যাতন নিয়ে আলাদা করে জরিপ হচ্ছে। পুরুষেরাও নির্যাতনের শিকার হন কি না, তা-ও দেখতে হবে। বিবিএসের পরবর্তী জরিপ করতে হবে নারী ও পুরুষের নির্যাতন নিয়ে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, নারী নির্যাতনের হার ধীরে ধীরে কমছে। তবে এতে খুশি হওয়ার কারণ নেই। এখন পর্যন্ত নারী নির্যাতন একটি বড় চ্যালেঞ্জ। বাল্যবিবাহ নারী নির্যাতনের অন্যতম মাধ্যম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ। আলোচনায় অংশ নেন পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক, ইউএনএফপিএর প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু প্রমুখ। জরিপের বিভিন্ন ফলাফল উপস্থাপন করেন বিবিএসের জরিপের প্রকল্প পরিচালক জাহিদুল হক সরদার।

দেশের সাতটি বিভাগের শহর, গ্রাম, সিটি করপোরেশন এবং সিটি করপোরেশনের বাইরের শহরকে জরিপের আওতায় আনা হয়েছে। শারীরিক, যৌন, অর্থনৈতিক, স্বামীর নিয়ন্ত্রণমূলক আচরণ বা মনোভাবের কারণে এবং আবেগীয় নির্যাতনকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ১৫ বছরের বেশি বয়সী ২১ হাজার ৬৮৮ জন নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অবিবাহিত নারীর সংখ্যা ছিল ১ হাজার ৭০১ জন। মাঠপর্যায়ে ২০১৫ সালের ১৩ থেকে ২২ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। বর্তমান এবং সাবেক স্বামী, বাবার বাড়ি, কর্মক্ষেত্রে কার মাধ্যমে কোন বয়সী নারী নির্যাতনের শিকার হচ্ছেন, জরিপে তা-ও তুলে আনা হয়েছে।

নিয়ন্ত্রণমূলক আচরণ বা মনোভাব: জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেকের বেশি বিবাহিত নারী (৫৫ শতাংশ) বলেছেন, বন্ধুর সঙ্গে কথা বলতে না দেওয়া, বাবার বাড়ি যেতে নিষেধাজ্ঞা জারি, সন্দেহ করা, আবেগ, অনুভূতির মূল্যায়ন না করা, বিনা অনুমতিতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে না দেওয়া, বাইরের মানুষের সামনে হেয় বা অপমান করা, যখন-তখন স্বামীর রেগে যাওয়াসহ স্বামীর নিয়ন্ত্রণমূলক আচরণ বা মনোভাব ছিল সাধারণ বিষয়। তবে জরিপে দেখা গেছে, নারীশিক্ষার হার বাড়ার সঙ্গে এ ধরনের নির্যাতনের সংখ্যা কমতে থাকে।

শুধু স্বামীর হাতেই নয়: এক-চতুর্থাংশের বেশি নারী বিভিন্ন সময় স্বামী ছাড়াও অন্য কারও হাতে নির্যাতনের শিকার হয়েছেন। কিশোরীদের ক্ষেত্রে এ নির্যাতনের মাত্রা বেশি (৩০ শতাংশের বেশি)। ৩ শতাংশ নারী জীবনে স্বামীর বাইরে অন্য কারও মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হন। বিবাহিত নারীর চেয়ে অবিবাহিত নারীরা এ নির্যাতনের শিকার হন বেশি। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের প্রায় ৪০ শতাংশ যৌন নির্যাতনের শিকার হন।

বিবিএসের জরিপের ফলাফল সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, নির্যাতন কমার যে হার তা নিয়ে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। যে হারে নির্যাতন হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেটুকু কমেছে তার পেছনে নারীর শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের কোনো যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া দেশে নারীপ্রধান খানার সংখ্যা বাড়ছে। সেখানে নারী নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন।

জরিপে বলা হয়েছে, সরকার নির্যাতনের শিকার নারী ও শিশুকে সহায়তা করার জন্য ১০৯২১ নম্বরের একটি হেল্পলাইন চালু করে ২০১২ সালে। বিবাহিত নারীদের মাত্র ২ দশমিক ৪ শতাংশ এ নম্বরের কথা জানেন বলে জানিয়েছেন।