বিবাহিত মেয়েশিশুর অধিকার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ও ইমেজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আমিও আছি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ও ইমেজ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আমিও আছি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা l ছবি: প্রথম আলো

দেশে প্রায় দুই-তৃতীয়াংশ নারীর বিয়ে হয়ে যায় ১৮ বছরের আগেই। এই বিবাহিত মেয়েশিশুদের অধিকার নিশ্চিত করতে করণীয় সম্পর্কে আলোচনার জন্য ‘আমিও আছি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, তাদের কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। তাদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে। বিবাহিত শিশুদের অধিকারের বিষয়টি দেখতে হবে সামগ্রিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে।
গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ও ইনিশিয়েটিভ ফর ম্যারিড অ্যাডলসেন্ট গার্লস এমপাওয়ারমেন্ট (ইমেজ)-এর যৌথ উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী।
বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক বলেন, বিশ্বে প্রতি মিনিটে ২৮টি মেয়ের বিয়ে হচ্ছে অল্প বয়সে। দক্ষিণ এশিয়াসহ আফ্রিকার দেশগুলোতে এই প্রবণতা বেশি। বাল্যবিবাহের শিকার হওয়া এসব মেয়ের স্বাস্থ্যগত ঝুঁকি, মাতৃমৃত্যুর হার কমানোসহ পরিবার ও সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবগুলো সেক্টরকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতামূলক কার্যক্রম এই পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে অভিভাবকেরা কম বয়সে মেয়েদের বিয়ে দিতে লজ্জা পান।
কমিউনিটি ক্লিনিকের চিফ কো-অর্ডিনেটর মাখদুমা নার্গিস বলেন, কমিউনিটি ক্লিনিকের সহযোগে কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিবাহিত মেয়েশিশুদের অধিকার সুরক্ষায় কাজ করতে হবে। তাঁদের দায়িত্ব হবে এই ভাগ্যাহত বিবাহিত মেয়েশিশুদের খুঁজে বের করা এবং তাদের সহায়তা দেওয়া।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বিবাহিত এই মেয়েশিশুরা যখন বলে ‘আমি আছি’, তখন বোঝা যায় যে তারা কত অসহায় অবস্থায় আছে। আর সেটা তাকে জানান দিতে হচ্ছে। এর মধ্য দিয়ে আসলে তাদের অস্তিত্বকেই অস্বীকার করা হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন।
প্রজেক্ট ডিরেক্টর ফারহানা জেসমিন হাসান ইমেজ প্রকল্পের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, বিয়ের পর এসব শিশু তাদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অভাবে তার সার্বিক পরিবেশ থেকে হারিয়ে যেতে থাকে।
পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রব বলেন, হাইস্কুলকে যদি আমরা কলেজের দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে ১৮ বছরের আগে বিয়ের প্রবণতা কমানো সম্ভব।
ইউএনএফপিএর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ মুনির হোসাইন বলেন, অনেক বিবাহিত মেয়েশিশু স্কুলের গণ্ডি পেরিয়েও পড়াশোনা চালিয়ে যেতে চায়। কিন্তু বাড়ির কাছে কোনো কলেজ না থাকায় সেটা তাদের পক্ষে সম্ভব হয় না।
এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর অ্যান্ড জেন্ডারবিষয়ক উপদেষ্টা মাশফিকা জামান। তিনি বলেন, এই মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য প্রতিকারের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধের দিকেও সমানভাবে নজর দিতে হবে।
টেরে ডেস্ হোমস নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির বাল্যবিবাহ প্রতিরোধে সঠিক প্রক্রিয়ায় জন্মনিবন্ধনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, জন্মনিবন্ধন প্রক্রিয়ায় গলদ থাকায় অনেক অভিভাবক তাঁর সন্তানকে বেশি বয়স দেখিয়ে বিয়ে দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডলসেন্ট বিশেষজ্ঞ রাবেয়া খাতুন বলেন, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একটি বিবাহিত শিশুকে খুব দ্রুত মা হওয়ার মাধ্যমে তাকে উর্বরতার পরীক্ষা দিতে হয়। ফলে একটি শিশু যখন আরেকটি শিশুকে জন্ম দেয়, তখন দুজনেরই প্রাণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
বিয়ে হয়ে গেলেও এসব শিশু যেন সন্তান নিতে দেরি করে, তার জন্য মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমের ওপর জোর দেন দ্য এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের চিফ অব পার্টি হালিদা এইচ আক্তার। তিনি বলেন, বাংলাদেশে প্রতি ৯টি কিশোরীর মধ্যে একটি কিশোরীর ১৫ বছরের আগে বিয়ে হয়। এদের মধ্যে ৬৩ শতাংশের প্রসব হয় বাড়িতেই। এসব কিশোরীর বাবা-মাকে তাই বোঝাতে হবে, তাঁরা যেটা করছেন সেটা অপরাধ, এর মাধ্যমে তাঁরা তাঁদের সন্তানের মৃত্যুকে ত্বরান্বিত করছেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ বাল্যবিবাহ প্রতিরোধ ও বিবাহিত মেয়েশিশুদের অধিকার রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, আমরা যেসব জায়গায় এ কাজটি করতে পেরেছি, সেই জায়গাগুলোতে বাল্যবিবাহ ও কম বয়সে গর্ভধারণের হার কমেছে।
বৈঠকে আরও বক্তব্য দেন ইমেজ প্রকল্পের রিসার্চ অ্যান্ড নলেজ স্পেশালিস্ট মোসাম্মত ফারহানা আক্তার। বাল্যবিবাহের শিকার গাইবান্ধার দীপ্তি রানী তাঁর নিজ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন।
বৈঠক শুরুর আগে উত্তরাঞ্চলের তিনটি জেলায় ইমেজ প্রকল্পের কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
বৈঠকটি আয়োজনে সহযোগিতা করেছে অ্যাম্বাসি অব দ্যা কিংডম অব নেদারল্যান্ডস, টেরে ডেস্ হোমস নেদারল্যান্ডস, রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস, এসকেএস, পল্লিশ্রী ও টেরে ডেস্ হোমস ফাউন্ডেশন।