বিবাহিত-সন্তানের বাবারাও রামগঞ্জ ছাত্রলীগের নেতৃত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বিবাহিত। ৫১ সদস্যের এ কমিটির অধিকাংশ নেতা বিয়ে করে সংসার জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। কেউ কেউ এক-দুই সন্তানের বাবাও। ২০০৬ সালে করা এ কমিটির অনেক সদস্যেরই ছাত্রত্ব নেই। কয়েকজন করছেন ব্যবসা, কেউ হচ্ছেন জনপ্রতিনিধি। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় মেয়াদোর্ত্তীর্ণ এ কমিটি দিয়ে চালানো হচ্ছে ছাত্রলীগের কার্যক্রম।দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু এক বছর আগে বিয়ে করেন। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুই সন্তানের বাবা। সাংগঠনিক সম্পাদক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশিদও বিয়ে করেছেন। সহসভাপতি রাকিবুল হাসান মামুন বিয়ে করেছেন কয়েক বছর আগে। অপর সহসভাপতি ফয়েজউল্যা রয়েছেন বিদেশে। যুগ্ম সম্পাদক মাসুদ আলম চার মাস আগে বিয়ে করেছেন। অপর যুগ্ম সম্পাদক মহসিন আউয়াল বিয়ে করে সংসার জীবন নিয়েই ব্যস্ত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন থেকে তাঁদের ছাত্রত্বও নেই। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, বিবাহিত ও ছাত্রত্ব নেই, তাতে কী হয়েছে? কিন্তু ছাত্রলীগ নেতারা দলীয় সব কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তাঁদের ছাড়া কোনো কার্যক্রমই সফল হয় না। এ জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতারা এবং মহিলা সাংসদ ছাত্রলীগের কর্মকাণ্ডে সন্তুষ্ট।সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ বিয়ে করার কথা স্বীকার করে বলেন, ‘আমরা চিন্তাভাবনা করছি, নতুনদের হাতে নেতৃত্ব তুলে দেব। যেন দলটি সুশৃঙ্খলভাবে চলে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটওয়ারীর বাড়ি রামগঞ্জে। তিনি জানান, লক্ষ্মীপুর জেলার মধ্যে রামগঞ্জ ছাত্রলীগের কমিটি সবচেয়ে পুরোনো। সমেঞ্চলনের মাধ্যমে নতুন কমিটি করতে কেন্দ্রীয় কমিটি থেকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে গত জুলাই মাসে চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্রে বলা আছে, ‘যাঁরা বিবাহিত তাঁদের ছাত্রলীগ করার এখতিয়ার নেই। কিন্তু রামগঞ্জের ছাত্রলীগের অধিকাংশ নেতাই বিবাহিত এবং অছাত্র।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ বলেন, ৫১ সদস্যের অধিকাংশ নেতা বিবাহিত সত্য। বিবাহিত হলেও প্রতিটি কর্মসূচি, সভা-সমাবেশে ছাত্রলীগের নেতারা সক্রিয় ভূমিকা রাখেন। তবে অধিকাংশ নেতার ছাত্রত্ব আছে বলে তিনি দাবি করেন। জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জামাল বলেন, ‘রামগঞ্জ ছাত্রলীগের কার্যকরী কমিটির শীর্ষ নেতারাসহ অধিকাংশ বিবাহিত। আগামী ডিসেম্বরের মধ্যে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে। তবে এবার ছাত্রত্ব ও অবিবাহিত দেখে নেতা নির্বাচন করে ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে।