বিবি-সাহেবদের হয়ে বুয়ারা ওএমএসের লাইনে
কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার ডিলার ইছামুদ্দিনের খোলা বাজারের চালের (ওএমএস) দোকান! দোকানের সামনে গত শুক্রবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন চরশোলাকিয়া গ্রামের পঞ্চাশোর্ধ্ব আনোয়ারা বেগম। সপ্তাহের শনিবার বাদে প্রতিদিনই তাঁকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‘আপনার কেউ নেই। কত চাল লাগে?’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার লাইগ্যা না। বিবিসাবের বাসার লাইগ্যা চাইল নিতে আইছি। বিবিসাব তো আর লাইনে খাড়াইতে পারেন না। ছোডো শহর। সবাই চিন্যা ফালব। তাগোর মান-ইজ্জত আছে না!’একই দিন শহরের বিভিন্ন স্থানে সাতটি ওএমএস ডিলারের দোকানে চাল নিতে আসা ১০ জন নারীর সঙ্গে কথা হয়। লাইনে দাঁড়িয়ে থাকা ওই নারীরা জানান, তাঁরা সবাই বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। গৃহকর্তা ও গৃহকর্ত্রীদের অনুরোধেই তাঁরা ওএমএসের চাল-আটা নিতে এসেছেন।আনোয়ারা জানান, তিনি যে বাসায় কাজ করেন সেই বাসার গৃহকর্তা একটি কলেজের শিক্ষক। চার ছেলেমেয়ে। সংসারে অভাব-অনটন ছিল না। ছেলেমেয়েরা স্কুল-কলেজে লেখাপড়া করে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় দুই বছর ধরে সংসারে অভাব লেগেছে। আগে চিকন চাল খেতেন। এখন চালের দাম বেড়ে যাওয়ায় বাজার থেকে মোটা চাল কিনে খাওয়ারও সামর্থ্য নেই। তাই ন্যায্যমূল্যের চালের জন্য তাঁকে পাঠিয়েছেন। আনোয়ারা আরও বলেন, ‘বিবিসাব কইলেন, বুয়া, আমি লাইনে দাঁড়াইলে এলাকার সবাই চিনে ফেলবে। তুমি লাইনে দাঁড়িয়ে চাল এনে দাও। তোমাকে একটা পুরাতন কাপড় দেব। একবেলা খাবারও দেব। ওনার কথায় রাজি হয়ে ভোরে এসে লাইনে খাড়াইয়্যা আছি। আল্লাই জানে চাল পামু কি না।’লাইনে দাঁড়িয়ে থাকা শোলাকিয়া কানিকাটা এলাকার গৃহপরিচারিকা নূরজাহান জানান, গৃহকর্ত্রীর অনুরোধে তিনিও কম দামে চাল-আটা নিতে এসেছেন। তিনি বলেন, ‘সাব সরকারি চাকরি করেন। ওনাদের সংসারে আট বছর ধইর্যা কাজ করতাছি। কোনো সময়ই এমুন অভাব দেহি নাই। জিনিসপত্রের দাম বাড়ায় এইবার মনে হয় অভাব লাগছে।’জেলা খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের নয়টি ওয়ার্ডে নয়জন ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিবছর চৈত্র মাসে দোকানগুলোর সামনে প্রচুর ভিড় থাকে। ওএমএসের দোকান থেকে চাল-আটা কিনলে কেজিতে ১০-১৫ টাকা সাশ্রয় হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাকরিজীবী ও শিক্ষক জানান, যে বেতন পান তা দিয়ে বর্তমান বাজারদরে ১৫ দিনের বেশি চলে না। তাই নিজেরা লাইনে দাঁড়াতে না পেরে বাসার বুয়াকে চাল-আটা সংগ্রহ করতে পাঠানো হয়।