ভুটানের রাজমাতার সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী
বিবিআইএন চালু হলে দুই দেশের বাণিজ্যে উন্নতি হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করছেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে মোটর ভেহিক্যাল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) করিডর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যে প্রভূত উন্নতি হবে। ভুটানের রাজমাতা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের সভাপতি শেরিং পেম ওয়াংচুকের সঙ্গে গতকাল মঙ্গলবার সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
ভুটানের রাজমাতা গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকের শুরুতেই বাংলাদেশের জনগণের জন্য ভুটানের জনগণের বিশেষ অনুরাগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের স্বীকৃতি প্রদানের বিষয়টি উল্লেখ করেন। দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক ও যোগাযোগ এখন আরও সুদৃঢ় হয়ে আন্তব্যক্তিক পর্যায়ে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বাংলাদেশ ভ্রমণকালীন (১৯৭৪) একটি ফটো অ্যালবাম রাজমাতাকে উপহার দেন।
ভুটানের রাজমাতা বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মুগ্ধতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ভুটান ও বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী ভুটানের বর্তমান রাজা-রানি এবং রাজমাতাকে রাজসিংহাসনের উত্তরাধিকারী পাওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর ভুটান সফরের স্মৃতিচারণা করেন। প্রসঙ্গত, ভুটানের বর্তমান রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক সম্প্রতি ছেলেসন্তানের বাবা হয়েছেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা সরেন উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর আয়োজিত এক নৈশভোজে যোগদান করেন ভুটানের রাজমাতা।