বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) মূল ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদ সরিয়ে নেওয়ার প্রতিবাদে গতকাল রোববার একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। পরে তাঁরা পরীক্ষা বর্জন করেন।
গতকাল সকালে বিবিএর বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা ছিল। কর্তৃপক্ষ পরীক্ষার সময় দুপুর পর্যন্ত পিছিয়ে নিলেও দাবির ব্যাপারে আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন। পরে কাল মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।
১৩ জানুয়ারি ক্যাম্পাসে বিবিএ ও বহিরাগত শিক্ষার্থীর হামলায় এমবিবিএসের তিন শিক্ষার্থী আহত হন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশের ডি ব্লক ভবনে বিবিএ অনুষদ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবিএ অনুষদের ডিন কাজী আহমেদ নবী প্রথম আলোকে বলেন, ‘মূল ক্যাম্পাস থেকে পর্যায়ক্রমে বিবিএসহ আরও কয়েকটি অনুষদ সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা তা একটু দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে বিবিএর একদল শিক্ষার্থী জোর করে মূল ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য বলেন, ছাত্রদের ভেতরে প্রবেশে কর্তৃপক্ষের বিধিনিষেধের কথা জানালে তাঁরা ক্ষেপে যান। পরে দেয়াল টপকে ভেতরে ঢুকে প্রবেশপথের তালা ভেঙে সদলবলে ক্যাম্পাসে এসে তাঁরা বিক্ষোভ করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের পাশে ইউএসটিসির লাইব্রেরি ভবনে বিবিএর অস্থায়ী অনুষদের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে তাঁরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ে যান।
বিবিএর অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, ‘আমরা মূল ক্যাম্পাসে অবস্থানের জন্য আন্দোলন করছি।’