দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের স্নাতক (বিবিএ) পাসের সনদে বিষয় উল্লেখের দাবিতে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য, রেজিস্ট্রারসহ শিক্ষক-কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।শিক্ষার্থীরা জানান, দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে প্রধান যে বিষয়টিতে পড়াশোনা করেন, সনদে ওই বিষয়টি উল্লেখ করা হয়। ব্যাংক, বিমাসহ বিভিন্ন সরকারি-আধাসরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে—বিবিএ ব্যবস্থাপনা, হিসাব, মার্কেটিং বা ফিন্যান্স বিষয়ে পাস করা ব্যক্তিরা আবেদন করতে পারবেন। কিন্তু তাদের শুধু বিবিএ পাসের সনদ দেওয়া হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা নেয়নি। এর প্রতিবাদে বেলা আড়াইটার দিকে তাঁরা একাডেমিক ভবনের প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন। পরে কর্তৃপক্ষ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে সন্ধ্যা ছয়টার দিকে তালা খুলে দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ হারুণ-অর-রশিদ বলেন, বিবিএ পাসের পর শিক্ষার্থীদের কী ধরনের সনদপত্র দেওয়া যাবে, এর রূপরেখা প্রণয়নে একটি কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।