বিবিএর শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সুরজিৎ সর্ববিদ্যাকে পুনর্বহালের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যসহ শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করেন। এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল বিশ্ববিদ্যালয় খুলেছে। গত ৮ জানুয়ারি ছাত্র আন্দোলনের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক সুরজিৎ সর্ববিদ্যার বিষয়টি অনুমোদন হয়েছে। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আন্দোলনরত শিক্ষার্থীদের সহযোগিতা চেয়ে তাঁদের অভিভাবককে চিঠি দেওয়া হয়েছে।’প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ফয়’স লেক এলাকার ক্যাম্পাসের সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি পূরণ না করে উল্টো তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিভাবকদের কাছে চিঠি পাঠিয়েছে। এতে আন্দোলনরত ছাত্রদের বহিষ্কারের ইঙ্গিত রয়েছে বলেও তাঁরা দাবি করেন। আন্দোলনরত ছাত্রদের পক্ষে সহিদুল ইসলাম বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার এবং অধ্যাপক সুরজিৎ সর্ববিদ্যাকে পুনর্বহালের আগ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশ নেব না।’ গতকাল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাম্পাসে পুলিশ কমিশনারের মধ্যস্থতায় কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে বৈঠকের কথা রয়েছে বলে জানান তিনি। গত ৩ জানুয়ারি সুরজিৎ সর্ববিদ্যাকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।