চট্টগ্রামে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সরকারি সিটি কলেজ স্টাডি সেন্টারের বিবিএস (ব্যাচেলর অব বিজনেস স্টাডি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফলাফলে গরমিলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও স্টাডি সেন্টারের সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।শিক্ষার্থীরা জানান, ২০০৯ সালে তাঁরা বিবিএস কোর্সে ভর্তি হন। ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাঁদের পরীক্ষা হয়। ফল প্রকাশিত হয় গত জানুয়ারিতে। ফলাফলে দেখা যায়, নাম ও পরীক্ষার ক্রমিক নম্বরে গরমিল রয়েছে। কারও নাম ঠিক থাকলেও ক্রমিক নম্বর ঠিক নেই। একইভাবে ক্রমিক নম্বর ঠিক হলেও নাম ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, পরীক্ষার সময়ে এই গরমিল ধরা পড়ে। তখন তাঁদের উপস্থিতিপত্রের পাশে নাম ঠিক রেখে ক্রমিক নম্বর সংশোধন করে দেন কেন্দ্রের শিক্ষক এবং এরপর এ নিয়ে আর সমস্যা হবে না বলে তিনি তখন আশ্বস্ত করেন।জানা যায়, এরই মধ্যে বিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ক্লাসও শেষ হয়ে গেছে। কিন্তু এখনো তাঁরা নিশ্চিত হতে পারেননি প্রথম বর্ষের ফলাফল সম্পর্কে। গত ২২ ফেব্রুয়ারি পুনঃপরীক্ষার ফি জমা দেওয়ার তারিখও শেষ হয়ে গেছে।পরীক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের স্টাডি সেন্টার ও বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের লাভ হয়নি; শুধু হয়রানির শিকার হতে হয়েছে। কেউ কোনো সমাধান দিতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, তাঁরা সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানে কাজ করেন। এ কারণে তাঁদের পক্ষে প্রতিদিন খোঁজখবর নিতে আসা সম্ভব নয়। এ অবস্থায় তাঁরা করণীয় সম্পর্কে জানতে পারছেন না।ফলাফল গরমিলের অভিযোগ স্বীকার করে বাউবি চট্টগ্রাম সিটি কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী মো. মোসাব্বের আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও ঢাকা কন্ট্রোল অফিসের মধ্যে সমন্বয়ের অভাবে এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। এখানে আমাদের করণীয় কিছু নেই।’ পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতিপত্রে ভুল সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে সুপারভাইজার নামের বিপরীতে ক্রমিক নম্বর সংশোধন করে দিয়েছেন শুধু। বাকিটা সঠিকভাবে যাচাই-বাছাই করা বাউবি কর্তৃপক্ষের দায়িত্ব। এ ব্যাপারে শিক্ষার্থীরা আলাদাভাবে গাজীপুর বাউবি কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালে তাঁদের সমস্যার সুরাহা হবে আশা করি।’