বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চট্টগ্রামে সরকারি সিটি কলেজ স্টাডি সেন্টারের বিবিএস (ব্যাচেলর অব বিজনেস স্টাডি) প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা কাটেনি। অথচ ইতিমধ্যে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শেষ হয়ে গেছে। এমনকি পরীক্ষার সময়ও ঘনিয়ে এসেছে। বিষয়টি জানিয়ে ছাত্রছাত্রীরা বাউবির পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এ ব্যাপারে জানতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান উকিলের সঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের লিখিত অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে তো কোনো ছাত্র এ ধরনের অভিযোগ নিয়ে দেখা করেনি।’ তিনি শিক্ষার্থীদের ক্রমিক নম্বর তাঁকে জানাতে বলেন। পরে ক্রমিক নম্বর জানাতে তাঁর কার্যালয়ের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরেননি। শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, ২০০৯ সালে তাঁরা বাউবির বিবিএস কোর্সে ভর্তি হন। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় এ বছরের জানুয়ারি মাসে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পরীক্ষার্থীর নাম ও পরীক্ষার ক্রমিক নম্বরে গরমিল রয়েছে। কারও নাম ঠিক থাকলেও ক্রমিক নম্বর ঠিক নেই। একইভাবে ক্রমিক নম্বর ঠিক হলেও নাম ভিন্ন। প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থীর ফলাফলে এ ধরনের গরমিল ধরা পড়ে। ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রথমে এসব অনিয়ম সম্পর্কে সিটি কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে জানিয়েছেন। কিন্তু এতেও কোনো সমাধান না হওয়ায় ১ এপ্রিল তাঁরা বাউবির পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সমন্বয়হীনতার কারণে এ ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ স্টাডি সেন্টারের সমন্বয়কারী মো. মোদাচ্ছের আহমেদ। জানা যায়, বাউবি বিবিএ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের ক্লাসও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু এখানো পর্যন্ত প্রথম সেমিস্টারের ফলাফল নিয়ে জটিলতার সুরাহা পাননি শিক্ষার্থীরা। বিবিএ কোর্সের শিক্ষার্থী তপন দে বলেন, ‘আমরা এত লেখালেখি করেও কোনো সুফল পাচ্ছি না। দ্বিতীয় সেমিস্টারের ক্লাসও শেষ হয়ে গেছে। সামনে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। অথচ আমরা এখনো প্রথম সেমিস্টারের ফলাফলও নিশ্চিত হতে পারিনি।’