বিবিএসকে বিবিএ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর বিবিএস ডিগ্রিকে বিবিএ ডিগ্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্প্রতি এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, বেশ কয়েক দিন আগে বিবিএসকে বিবিএ ডিগ্রি করার সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু আনুষ্ঠানিকতা থাকায় বিষয়টি জানানো হয়নি। তবে বিবিএসকে বিবিএ ডিগ্রি করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিষয়টি জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর বিবিএস ডিগ্রিকে বিবিএ ডিগ্রি করার দাবিতে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টস রাইটস মুভমেন্ট’-এর ব্যানারে ঢাকা, ইডেন, তিতুমীর কলেজসহ ঢাকার ১২টি কলেজের শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টায় গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফিরোজ আহমদ আখতার গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিবিএসকে বিবিএ ডিগ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকেই বিবিএসের পরিবর্তে বিবিএ ডিগ্রি কার্যকর করা হবে।