বিবিএসের জরিপে আহত ২২ লাখ, নিহতের তথ্যই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে বহুতল ভবনে রং করছেন এই দুই শ্রমিক। ছবিটি রাজধানীর হাটখোলা এলাকার একটি ভবন থেকে তোলা l মাসুম আলী
কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ঝুঁকি নিয়ে বহুতল ভবনে রং করছেন এই দুই শ্রমিক। ছবিটি রাজধানীর হাটখোলা এলাকার একটি ভবন থেকে তোলা l মাসুম আলী

* কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি আহত হয় যন্ত্রপাতির কারণে

* নির্যাতনের শিকার হন ১২ লাখ কর্মী

* যৌন নির্যাতনের শিকার হন ৫৬ হাজার কর্মী

দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বছরে কত মানুষ হতাহত হন, তার পূর্ণাঙ্গ তথ্য সরকারের কোনো দপ্তরে নেই। সরকারের একটি প্রতিষ্ঠান কর্মক্ষেত্রে বছরে আহত মানুষের সংখ্যা ২২ লাখ বললেও সংশ্লিষ্ট আরেক সরকারি প্রতিষ্ঠান বলছে, ২০১৫ সালে ৩৩৪ জন এবং গত বছর ২২৯ জন আহত হন।

কর্মক্ষেত্রে আহত নিয়ে দুই প্রতিষ্ঠানের পরিসংখ্যানে এই আকাশ-পাতাল ফারাক। এর মধ্যে বছরে ২২ লাখ মানুষ আহত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ। বছরে এত শ্রমিক আহত হলে নিহত হওয়ার কিছু ঘটনা ঘটাও স্বাভাবিক। কিন্তু এই জরিপে কোনো শ্রমিকের নিহত হওয়ার তথ্যই নেই।

আর ২০১৫ সালে ৩৩৪ জন এবং ২০১৬ সালে ২২৯ জন শ্রমিক আহত হওয়ার তথ্য দিয়েছে শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাদের হিসাবে, ২০১৫ ও ২০১৬ সালে কর্মক্ষেত্রে যথাক্রমে ৭৭ জন ও ১৬৫ জন শ্রমিক নিহত হন। অন্যদিকে বেসরকারি সংস্থা সেফটি অ্যান্ড রাইটস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বলছে, বছরে গড়ে সাড়ে তিন শর বেশি শ্রমিকের মৃত্যু হচ্ছে।

পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহফুজুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কিছু তথ্য তাঁরা কলকারখানার মালিকদের কাছ থেকে পান। কিছু তথ্য সংগ্রহ করেন সংবাদপত্র থেকে। তবে প্রকৃত সংখ্যা আরও বড়।

দেশের ৬৪ জেলার ১ হাজার ২৮৪টি নমুনা এলাকার ১ লাখ ২৬ হাজার খানার ওপর জরিপ করেছে বিবিএস। জরিপের সময়ের ঠিক আগের ১২ মাসের আহত, জখম, অসুস্থ বা নির্যাতনের তথ্য সংগ্রহ করা হয়। ‘শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬’ প্রতিবেদনটি গত মে মাসে প্রকাশ করে বিবিএস। প্রতিবেদনে নিহত হওয়ার পরিসংখ্যান নেই কেন—এমন প্রশ্নের উত্তরে জরিপের প্রকল্প পরিচালক কবির উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জরিপে কর্মক্ষেত্রে মৃত ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয় না, এমন ব্যবস্থাও নেই।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, বিবিএস কর্মক্ষেত্রে আহত ব্যক্তিদের বিশাল সংখ্যা প্রকাশ করলেও তাতে এখনো সরকারের টনক নড়েনি। এই তথ্য ব্যাখ্যা, বিশ্লেষণ করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। আর বিবিএসের পরিসংখ্যানে মৃত্যুর তথ্য না থাকা বড় ধরনের গাফিলতি। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুর পরিসংখ্যান ভবিষ্যতে জরিপে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

কর্মক্ষেত্রে মৃত্যু

সেফটি অ্যান্ড রাইটস ২০০৯ সাল থেকে কর্মক্ষেত্রে মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করছে। ১৫টি জাতীয় ও ১১টি আঞ্চলিক সংবাদপত্রের তথ্য সংগ্রহ ও তা যাচাই করে সংস্থাটি বলেছে, ২০১৬ সালে দুর্ঘটনায় ৩৮২ জন শ্রমিকের মৃত্যু হয়।

মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটে তৈরি শিল্পে (প্লাস্টিক কারখানা, পোশাকশিল্প, চালকল, জাহাজভাঙা শিল্প)। এরপর বেশি নির্মাণশিল্পে, তারপর সেবা খাতে (দৈনিক শ্রমিক ও বিদ্যুৎকর্মী)।

সেফটি অ্যান্ড রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৫ ও ২০১৪ সালে যথাক্রমে ৩৭৩ ও ৩২০ জন শ্রমিকের মৃত্যু হয়। ২০১৩ সালে সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়। ওই বছর মোট ১ হাজার ৫১০ জন মারা যান।

সেফটি অ্যান্ড রাইটসের নির্বাহী পরিচালক সেকান্দার আলী প্রথম আলোকে বলেন, ‘প্রকৃত মৃত্যুর ঘটনা আরও অনেক বেশি। আমরা সংবাদপত্র থেকে তথ্য নিই। কিন্তু সংবাদপত্রে সব সময় সব মৃত্যুর ঘটনা আসে না। দ্বিতীয়ত, অনেক সময় দুর্ঘটনায় অনেক শ্রমিক গুরুতর আহত হন, পরে মারা যান। সেই তথ্যও পাওয়া যায় না।’

শ্রমিক সংগঠন ও এনজিওদের মোর্চা শ্রমিক নিরাপত্তা ফোরামের তথ্য অনুযায়ী, গত আট বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৫ হাজার ৩৩৯ জন শ্রমিকের মৃত্যু হয়।

বিবিএসের জরিপে আহত ২২ লাখ

বিবিএসের শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে কৃষি, শিল্প, সেবাসহ বিভিন্ন খাতে ৫ কোটি ৯৫ লাখ মানুষ শ্রমে নিয়োজিত। তাঁদের মধ্যে ২০ লাখ পুরুষ এবং ২ লাখ নারী নানাভাবে আহত বা জখম হন। অর্থাৎ, কাজে নিয়োজিত ৩ দশমিক ৭ শতাংশ মানুষ কম বা বেশি আহত হন। জরিপে দেখা গেছে, অনেকে যেমন এক মাস বা তার বেশি সময়ের জন্য কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তেমনি অনেকে আর কোনো দিন কাজে ফিরতে পারেন না।

কর্মক্ষেত্রে ধুলা, ধোঁয়া, শব্দ, আগুন, গ্যাস—এসবের কারণে মানুষ আহত বা অসুস্থ হন। অত্যধিক ঠান্ডা বা গরমের কারণেও মানুষ আহত হন। পানিতে, পুকুরে বা নদীতে অনেকে কাজ করেন, আবার অন্ধকারে বা বদ্ধ অবস্থাতেও কাজ করতে হয়। রাসায়নিক ও বিস্ফোরকের মধ্যে থেকেও অনেকে কাজ করেন। সবচেয়ে বেশি আহত হন ‘বিপজ্জনক হাতিয়ার বা যন্ত্রপাতি’র কারণে। তবে যাঁরা যন্ত্র চালানোর ও যন্ত্রপাতি জোড়া লাগানোর কাজ (অ্যাসেম্বলার) করেন, তাঁরা সবচেয়ে বেশি আহত হন।

শ্রমশক্তি জরিপের তথ্যকে খুবই গুরুত্বপূর্ণ অভিহিত করেছেন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার। তিনি বলেন, কত শ্রমিক কোথায়, কীভাবে আহত বা জখম হচ্ছেন, তার তথ্য যেহেতু হাতে আছে, সুতরাং কারণগুলো প্রতিরোধ করা এখন জরুরি। এ কাজে শ্রম মন্ত্রণালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শ্রমিকনেতারা বিষয়গুলো মালিকপক্ষের কাছে উত্থাপন করলে অনেক সমস্যার সমাধান হতে পারে।

নির্যাতনের নানা ধরন

শ্রমশক্তি প্রতিবেদন বলছে, প্রায় ১২ লাখ কর্মী কর্মক্ষেত্রে নানা ধরনের নির্যাতন ও গালিগালাজের শিকার হন। তাঁদের ৮৩ দশমিক ৪ শতাংশকে লাগাতার চিৎকার করে গালাগাল বা অপমান করা হয়। যৌন নির্যাতনের শিকার হন ৪ দশমিক ৭ শতাংশ বা ৫৬ হাজারের বেশি কর্মী।

জরিপে দেখা গেছে, নির্যাতনের ঘটনা বেশি ঘটে শিল্প খাতে, ৪৩ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা সেবা খাতে ৩৭ দশমিক ১ শতাংশ। সে তুলনায় কৃষি খাতে নির্যাতন কম হয়, ১৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ বলেন, আহত ও নির্যাতন কমানোর ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা ও মালিকপক্ষের দায়িত্বের কথা শ্রম আইনে বলা আছে। তাদের জবাবদিহি বাড়াতে হবে। পাশাপাশি আহত ও নির্যাতনের শিকার শ্রমিক যেন ক্ষতিপূরণ পান ও পুনর্বাসিত হতে পারেন, তার উদ্যোগ নিতে হবে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন ‘শ্রম অধিকার সূচক ২০১৭’ জরিপ প্রতিবেদনে বলেছে, শ্রম অধিকার নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে খারাপ ১০টি দেশের একটি বাংলাদেশ। শ্রমিক হত্যা, ইউনিয়ন করতে না দেওয়া, শ্রমিক আন্দোলন দমনে কঠোর মনোভাব, অনিরাপদ কর্মপরিবেশের মতো বিষয়ের কারণে বাংলাদেশ শ্রমিকদের জন্য মোটেই নিরাপদ নয়।

শ্রমসচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। মালিক ও শ্রমিক উভয়েরই সচেতনতা বেড়েছে। শ্রম আইন অনুযায়ী অনেক কারখানায় নিরাপত্তা কমিটি তৈরি হয়েছে। অসংগঠিত খাতে (ইনফরমাল সেক্টর) দুর্ঘটনা ও নির্যাতন বেশি হচ্ছে। তিনি বলেন, ‘জনবলস্বল্পতার কারণে জাহাজভাঙা শিল্প বা নির্মাণশিল্পের মতো কিছু ক্ষেত্রে নজর দেওয়া সম্ভব হচ্ছে না। আহত বা নির্যাতিত হচ্ছেন না এমন দাবি করব না, তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে।’