বিবিসি ও চীনা বেতারের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে এফএম সম্প্রচার যন্ত্র (ট্রান্সমিটার) বিকল হয়ে পড়ায় ১৫ দিনেরও বেশি সময় ধরে বেতারের সঙ্গে চুক্তিবদ্ধ বিবিসি এবং চায়না রেডিও ইন্টারন্যাশনালের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রয়েছে। এতে শ্রোতারা অনুষ্ঠান শুনতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
কর্ণফুলী রেডিও লিসেনারস ক্লাবের সভাপতি এবং চট্টগ্রাম অঞ্চলে বিবিসির অনুষ্ঠান তদারকির দায়িত্বে নিয়োজিত দিদারুল আলম সিকদার বলেন, ‘বাংলাদেশ বেতারের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারে চুক্তিবদ্ধ হওয়ায় শ্রোতারা নিয়মিত মুঠোফোনের মাধ্যমে বিবিসি ও চায়না বেতারকেন্দ্রের বাংলা অনুষ্ঠান শুনে আসছিলেন। কিন্তু ১৫ দিনেরও বেশি সময় ধরে এসব অনুষ্ঠান সম্প্রচার বন্ধ থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আমি ঢাকায় বিবিসি বাংলা বিভাগের মাধ্যমে যুক্তরাজ্যে বিবিসির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি জানানোর ব্যবস্থা নিয়েছি।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম বেতারের আঞ্চলিক প্রকৌশলী কাজী মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগেই চট্টগ্রামের এফএম ট্রান্সমিটারটির কার্যক্ষমতা হারিয়েছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সরেজমিনে পর্যবেক্ষণে এসে জানিয়েছেন। এর পরও কোনোমতে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছিল। ফলে নতুন ট্রান্সমিটার বরাদ্দের জন্য বেতারের ঢাকা সদর দপ্তরে চিঠি দিয়েছি। এ ছাড়া বর্তমান ট্রান্সমিটারটি মেরামতের জন্য জরুরি ভিত্তিতে যন্ত্রপাতি সরবরাহের জন্য চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি এখনো পর্যন্ত।’
বর্তমানে পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন সম্প্রচার যন্ত্র বেতারে থাকলেও নিরবচ্ছিন্ন শীতাতপনিয়ন্ত্রণ (এয়ারকন্ডিশন) ব্যবস্থা বজায় না থাকায় এটি চালু করা যাচ্ছে না বলে জানা গেছে। বেতার সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত ১০টা থেকে চট্টগ্রাম বেতারকেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। ফলে এ কেন্দ্র থেকে নিয়মিত প্রচারিত বিবিসি এবং চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা অনুষ্ঠান সম্প্র্রচার বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম বেতারের ১০৫ দশমিক চার মেগাহার্টজে বেতার তরঙ্গে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা, সাড়ে সাতটা থেকে আটটা, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা এবং রাত সাড়ে দশটা থেকে ১১টা পর্যন্ত বিবিসি অনুষ্ঠান প্রচারিত হয়। চায়না রেডিওর অনুষ্ঠানের প্রচার হয় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত। বাংলাদেশ বেতার ঢাকার গবেষণা ও গ্রহণকেন্দ্রে বিবিসি ও চীনা বেতারের অনুষ্ঠান তদারকে নিয়োজিত উপকেন্দ্র প্রকৌশলী (মনিটরিং কর্মকর্তা) মুজিবুল হক বলেন, ‘আমি এখন ছুটিতে আছি। সমস্যার কথা শুনেছি, এত দিনে তো তা ঠিক হয়ে যাওয়ার কথা। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’ বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী দুলাল কুমার পালের কাছে এফএম সম্প্রচার যন্ত্র এবং শীতাতপযন্ত্র সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব সমস্যার সমাধানের চেষ্টা করছি।’