বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট-প্রথম আলো চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের ইংরেজি ভাষা শিক্ষায় সাহায্য করতে বিবিসি জানালার পাশে এগিয়ে এল প্রথম আলো। বিশেষ করে, যোগাযোগের মাধ্যম হিসেবে সাধারণ বাংলাদেশিরা যাতে সহজে ইংরেজি ভাষা ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের (বিবিসি জানালা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রথম আলো।গত বুধবার প্রথম আলোর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যালান ফ্রিডম্যান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।এ কার্যক্রমের মাধ্যমে প্রথম আলোর পাঠকেরা মূল পত্রিকার পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে বিবিসি জানালার ইংরেজি শেখার সুযোগ পাবে। এ ইংরেজি শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রথম আলো পত্রিকার পাঠকদের জন্য থাকবে বিশেষ পাঠ। এ পাঠগুলো তৈরি করবেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের মনোনীত ব্রিটিশ শিক্ষক, যা প্রথম আলোর ওয়েবসাইটেও পাওয়া যাবে। এর পাশাপাশি প্রথম আলো বন্ধুসভার সদস্য এবং প্রথম আলো জবসের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তিরা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে ইংরেজি শেখার সুযোগ পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশের প্রধান অ্যালান ফ্রিডম্যান বলেন, বিবিসি জানালা একটি ইংরেজি শিক্ষাবিষয়ক সেবা, যা প্রায় লাখো মানুষের প্রশংসা পেয়েছে। তাই বিবিসি জানালা ও প্রথম আলোর এই চুক্তি বাংলাদেশিদের ইংরেজি শিক্ষার মানোন্নয়নে আরেকটি মাত্রা আনবে।বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের হেড অব ইন্টারেকটিভ সারাহ চেম্বারলিন বলেন, বিবিসি জানালা মোবাইল ও ওয়েবসাইটের মাধ্যমে ইংরেজি শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিচ্ছে। প্রথম আলোর সঙ্গে এই উদ্যোগ বিবিসি জানালাকে লিখিত আকারে পত্রিকার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবে।সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘দৈনিক পত্রিকা হিসেবে প্রথম আলোর সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। এ থেকে আমরা সব সময়ই অনেক দায়িত্ব পালন করি। এটা সে রকমই একটা ব্যাপার।’ এই চুক্তি বাংলাদেশের নতুন প্রজন্মকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও ছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ঊর্ধ্বতন ব্যবস্থাপক আশরাফ মোহাম্মাদ উজ জামান, ডেপুটি হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স সামিরা জুবেরি হিমিকা এবং প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ ও আনিসুল হক, সহকারী সম্পাদক অরুণ বসু, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, প্রথম আলো জবসের প্রধান রিয়াদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর নিউ মিডিয়া বিভাগের প্রধান সেলিম খান।