বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের নির্বাহী পরিচালক নার্সি ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের নির্বাহী পরিচালক ক্যারোলিন নার্সি তিন দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন। সফরকালে তিনি বাংলাদেশে ট্রাস্টের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।‘বাংলাদেশ সংলাপ’ শীর্ষক একটি স্বতন্ত্র মাত্রার রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে ২০০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট। ধারাবাহিক এই বিতর্ক অনুষ্ঠানটি বিবিসি বাংলা সার্ভিসের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়। এরপর ২০০৯ সাল থেকে ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের আওতায় ‘বিবিসি জানালা’ নামের ইংরেজি শিক্ষা সেবা চালু করে ট্রাস্ট। এই সেবাটির মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ মুঠোফোন, টেলিভিশন, সংবাদপত্র ও ইন্টারনেট ব্যবহার করে সহজে ও সুলভে ইংরেজি শিখতে পারছে। দুটি প্রকল্পই যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) আওতাভুক্ত ইউকেএইডের অর্থায়নে পরিচালিত।বিবিসি জানালার সেবা ইতিমধ্যে বাংলাদেশের প্রায় দুই কোটি ৬০ লাখ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। এই সফলতার পেছনে ট্রাস্টের সঙ্গে তাঁর সহযোগী সংস্থা ও ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশন, প্রথম আলো এবং দেশের ছয়টি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। ক্যারোলিন নার্সি এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন।এ ছাড়া ক্যারোলিন নার্সি বাংলাদেশ টেলিভিশনকে একটি সাক্ষাৎকার দেবেন। এতে তিনি বাংলাদেশে ট্রাস্টের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরবেন।আন্তর্জাতিক উন্নয়ন কর্মকাণ্ডে ক্যারোলিন নার্সির গুরুত্বপূর্ণ অবদান আছে। তিনি ২০০৯ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টে যোগ দেন। এর আগে তিনি ‘অক্সফাম’ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিসের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।