বিবিসি জানালা ইংরেজি শেখার বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশিত
বিবিসি জানালা ইংরেজি শেখার বই-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হয়েছে। বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। বিবিসি মিডিয়া অ্যাকশন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশক প্রথমা প্রকাশন।প্রথম আলো কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে এই বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ডিসেম্বরে প্রথম খণ্ড প্রকাশের পর ইংরেজি শিখতে আগ্রহী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দারুণ জনপ্রিয়তা পায়। এরই ধারাবাহিকতায় সহজে ইংরেজি শেখার প্রয়োজনীয় বিষয় নিয়ে দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হলো। ইতিমধ্যে ধারাবাহিকভাবে প্রথম আলোয় প্রকাশিত ‘মজায় মজায় শেখা’ সিরিজের লেসনগুলোই নতুন আঙ্গিকে স্থান পেয়েছে বিবিসি জানালা ইংরেজি শেখার বই-এর দ্বিতীয় খণ্ডে। অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশনের ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের প্রধান রিচার্ড লেইস বলেন, ‘এই বইয়ের প্রথম খণ্ড প্রায় ৪০ হাজার কপি বিক্রি হয়। আশা করছি দ্বিতীয় খণ্ড মানুষকে আরও বেশি সফলতা অর্জনে সহায়তা করবে।’ প্রথম আলোয় প্রকাশিত বিবিসি জানালার লেসনগুলো প্রায় ৫০ লাখ মানুষ পড়েছে বলে তিনি জানান। বিবিসি মিডিয়া অ্যাকশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ফায়সাল আহমেদ বলেন, প্রথম আলো এখন আর শুধু জাতীয় ব্র্যান্ড নয়, এটা এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। বিবিসি ও প্রথম আলোর মতো দুটো আন্তর্জাতিক ব্র্যান্ডের যৌথ উদ্যোগে বিবিসি জানালা বইটির প্রকাশ একটি মাইলফলক। বইটি বিশেষ কোনো শ্রেণী-পেশার লোকের জন্য নয়, সব ধরনের মানুষের জন্যই অবদান রাখবে।প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিবিসি জানালা বইটি নিয়ে পাঠকের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। ইংরেজি শিখলে শুধু দেশের বাইরে উপকৃত হওয়া যায় এমনটি নয়, দেশের মধ্যেও উপকৃত হওয়া যায়। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, উন্নত জীবনের দরজা খোলার জন্য ও পৃথিবী জানাকে আরও বিস্তৃত করতে ইংরেজি জানা দরকার। এ ক্ষেত্রে বিবিসি জানালা ইংরেজি শেখার বইটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান।সিডিসহ বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।