বিবিসি জানালায় তিন মাসে ১০ লাখ কল
বিবিসি জানালার মাধ্যমে ইংরেজি শেখার জন্য তিন মাসে ১০ লাখ কল করেছে বাংলাদেশের মোবাইল গ্রাহকেরা। স্বল্প সময়ের এই অজর্নকে মাইলফলক বলে মনে করছেন বিবিসির ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের কর্মকর্তারা। জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশের প্রধান (কান্ট্রি ডিরেক্টর) এলেন ফ্রিডম্যান। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তিন মাসে এত কলই প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইংরেজি শেখার জন্য প্রচণ্ড আগ্রহী। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জন্য এটি একটি নতুন বিষয়। ট্রাস্টের হেড অব ইন্টারেক্টিভ সারা চেম্বারলাইন বলেন, মোবাইল ব্যবহারের মাধ্যমে শিক্ষা গ্রহণ একটি নতুন দরজা খুলে দিয়েছে। তিনি জানান, ইংরেজিকে মানুষের আরও কাছাকাছি আনার জন্য শিগগিরই প্রথম আলোর শিক্ষা পাতায় ইংরেজির লেসনগুলো প্রকাশিত হবে। ট্রাস্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই সাফল্য ধরে রাখতে হবে। এ জন্য বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যেন ভালোভাবে ইংরেজি শিখতে পারে সেই ব্যবস্থা করা হবে।বিপণন প্রধান সামিরা জুবেরী বলেন, মোবাইল, অনলাইন এবং এরপর সংবাদপত্রের মাধ্যমে ইংরেজিকে মানুষের কাছে সহজ করে পৌঁছে দেবে বিবিসি। তিনি জানান, ইংরেজি শিখতে এ পর্যন্ত ১১ লাখ ৪৯ হাজার ৭৩টি কল করেছে।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে পরিচালিত ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের আওতায় বিবিসি জানালা পরিচালিত হচ্ছে। যেকোনো মোবাইল থেকে ৩০০০ এই নম্বরে ডায়াল করে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীরা কম খরচে ইংরেজি শিখতে পারেন এই বিবিসি জানালার মাধ্যমে। ২০১০ সালের মধ্যে দুই কোটি ৫০ লাখ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য এই উদ্যোগ।