বিবিসি জানালার ইংরেজি শেখার নতুন বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসি ও প্রথম আলোর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ে বিবিসি জানালা ইংরেজি শেখার বই তৃতীয় খণ্ড-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ছবি: জাহিদুল করিম
বিবিসি ও প্রথম আলোর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ে বিবিসি জানালা ইংরেজি শেখার বই তৃতীয় খণ্ড-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ছবি: জাহিদুল করিম

বিবিসি জানালার ইংরেজি শেখার বইয়ের তৃতীয় খণ্ড প্রকাশিত হলো এবার। বইটির নাম রাখা হয়েছে আমার ইংরেজি কোর্স-১। আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বইটি প্রকাশিত হয়। প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন বইটি প্রকাশ করেছে।
গত বছর পরিসংখ্যানের তথ্য দিয়ে বিবিসি মিডিয়া অ্যাকশনের পক্ষ থেকে অনুষ্ঠানে জানানো হয়, ৪১ লাখেরও বেশি মানুষ প্রথম আলোতে প্রকাশিত বিবিসি জানালার ইংরেজি শেখা অংশটি পড়েন । বর্তমানে আরও বেশি লোক ইংরেজি শেখার এই অংশটি পড়ছেন।
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘একে একে বইটির তৃতীয় খণ্ড বের করা গেল, এটি আমাদের জন্য গৌরবের।’ তিনি বলেন, দৈনন্দিন জীবনে ব্যবহারিক ইংরেজি শেখার ক্ষেত্রে বইটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম বলেন, বইটি যাঁরা পড়ছেন তাঁরা উপকৃত হচ্ছেন। পরিসংখ্যান বলছে মানুষ এটিকে গ্রহণ করেছে। তবে এর পাশাপাশি ব্যাকরণ ও সাহিত্যভিত্তিক ইংরেজি শেখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বক্তৃতার শুরুতে বাংলা বলে সবাইকে চমকে দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রকল্প প্রধান রিচার্ড লেইস। তিনি বলেন, প্রথম আলোতে প্রকাশিত বিবিসি জানালার ইংরেজি শেখার অধ্যায়গুলো একই সঙ্গে পাওয়া মানুষের জন্য সুবিধাজনক। এ ক্ষেত্রে প্রথম আলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, বইটি পড়ে মানুষ কিছু শিখলে, এ থেকে উপকৃত হলে সেটিই বড় প্রাপ্তি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শ​রিফ, বিবিসি মিডিয়া অ্যাকশনের গবেষণা বিভাগের প্রধান সঞ্জীব সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ।