বিবিসি সংলাপে দর্শক মত জামায়াত নিষিদ্ধের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি বাংলাদেশ সংলাপে উপস্থিত শ্রোতা-দর্শক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার।প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রজন্ম চত্বরের সব দাবিই মেনে নেওয়া হবে। আওয়ামী লীগে যদি কোনো যুদ্ধাপরাধী থাকে, পর্যায়ক্রমে তাঁদেরও বিচার হবে।রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শুক্রবার এই সংলাপ অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আকবর হোসেনের সঞ্চালনায় সংলাপে অতিথি আলোচক হিসেবে আরও ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও হিউম্যান রাইটসের প্রধান নির্বাহী এলিনা খান।সরকারের পক্ষে জামায়াতকে নিষিদ্ধ করা অসম্ভব কিছু নয় বলে মনে করেন দর্শকেরা। তাঁরা বলেন, নতুন প্রজন্ম যেদিকে যাবে, দেশ সেদিকে যাবে। সুতরাং সরকারকে প্রজন্ম চত্বরের ছয় দফা দাবি মানতেই হবে।এ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, প্রজন্ম চত্বরের ছয় দফা দাবি গণদাবিতে পরিণত হয়েছে। এই দাবির বাস্তবায়ন হবেই। জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতের মাধ্যমে হতে পারে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে দুটি মামলার নিষ্পত্তি হয়েছে, তার দুটিতে ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। এ দুটি রায়েও জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। সুতরাং জামায়াতের বিরুদ্ধে ট্রাইব্যুনালও ব্যবস্থা নিতে পারেন। তা ছাড়া, সংসদেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সব কটি বিকল্প বিবেচনায় নিয়ে দলটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।এক দর্শকের প্রশ্ন ছিল গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবির বাস্তবায়ন সম্ভব কি না। এই প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, ‘ছয় দফা দাবির বাস্তবায়ন করতে না পারার কারণ নেই। সাংবিধানিকভাবে বৈধ জামায়াত অসাংবিধানিক কাজ করে যাচ্ছে। সরকার কেন জঙ্গিবাদী এই সংগঠনকে ছেড়ে দিয়ে রেখেছে—এই মর্মে আমরা একটি রিট আবেদন করতে যাচ্ছি।’এলিনা খান বলেন, ‘সরকার চাইলেই সরাসরি দলটিকে (জামায়াত) নিষিদ্ধ করতে পারে। সরকার কেন বিলম্ব করছে, তা আমার বোধগম্য নয়।’ তিনি আরও বলেন, জামায়াতকে দুটি দলই দোহন করেছে। সরকারের মধ্যেও অনেক যুদ্ধাপরাধী আছে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।এ প্রসঙ্গে কামরুল ইসলাম প্রশ্ন রাখেন, ‘এখন যাদের বিচার হচ্ছে, সেই গোলাম আযম-নিজামীর মতো কোনো মানবতাবিরোধী অপরাধী কি আওয়ামী লীগে আছে? থাকলে ধরিয়ে দেন। অবশ্যই বিচার হবে।’দর্শকের প্রশ্ন ছিল, জামায়াতকে নিষিদ্ধ করা হলে দলটির নেতা-কর্মীরা অন্য দলে যোগ দেবেন। বিএনপি তাঁদের জায়গা দেবে কি না।এই প্রশ্নে জয়নুল আবেদীন বলেন, জামায়াতকে নিয়ে রাজনীতি হচ্ছে। নতুন প্রজন্ম দেশের মুক্তি চায়। তবে এর পেছনের শক্তি কে, বিএনপি তা পর্যবেক্ষণ করছে। তাই দেশ-জাতি ও সংবিধান বিবেচনায় রেখে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নিষিদ্ধ হলে জামায়াতের নেতা-কর্মীরা বিএনপি কেন, আওয়ামী লীগেও আশ্রয় পেতে পারেন।