বিবিয়ানা গ্যাসক্ষেত্রে শেভরন কর্মীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেভরন বাংলাদেশের কর্মীরা গতকাল রোববার হবিগঞ্জের নবীগঞ্জ বিবিয়ানা গ্যাসক্ষেত্রে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
শেভরন বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানার সাউথ প্যাডের প্রবেশমুখে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এতে গ্যাস ফিল্ডের নিরাপত্তার কাজে নিয়োজিত কয়েক শ কর্মচারী অংশ নেন।
কর্মীরা বলেন, বহুজাতিক তেল-গ্যাস উত্তোলনকারী কোম্পানি শেভরন। শেভরন বাংলাদেশের পরিচালনায় হবিগঞ্জের বিবিয়ানা, সিলেটের জালালাবাদ এবং মৌলভীবাজার গ্যাসক্ষেত্র থেকে দেশের প্রায় ৫৬ শতাংশ গ্যাস উৎপাদন ও সরবরাহ করা হয়। শেভরন গত বছরের ১২ অক্টোবর বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমতে থাকায় প্রতিষ্ঠানটি এ দেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে চায়। এ দেশে থাকা সম্পদ ২০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করতে চায়।
এর পরিপ্রেক্ষিতে শেভরন বাংলাদেশের কর্মীরা চাকরির নিশ্চয়তা চেয়ে এ কর্মসূচি পালন করেন। অন্য দাবিগুলো হলো বকেয়া পাওনা পরিশোধ, শেভরন বিক্রি হলে পরের কোম্পানিতে বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের কিসের ভিত্তিতে ও কী পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে সে সম্পর্কে নিশ্চয়তা প্রদান। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আনোয়ার হোসেন, কাজী এবাদুর রশিদ, শামসুল ইসলাম প্রমুখ। মুখপাত্র রূপণ তালুকদার বলেন, শেভরন ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের নিয়ে আলোচনায় না বসলে তাঁরা এলাকাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।