বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সামিট-জিই সর্বনিম্ন দরদাতা
বেসরকারি খাতে (আইপিপি) ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-১ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশীয় কোম্পানি সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড এবং ফ্রান্সভিত্তিক কোম্পানি জেনারেল ইলেকট্রিকের (জিই) যৌথ উদ্যোগ সর্বনিম্ন দরদাতা হয়েছে।তাদের দরপ্রস্তাব অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে দুই টাকা ৩০ পয়সার মতো (তিন দশমিক ৩২ সেন্ট)। মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াটের পর এটিই হবে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের গ্যাস হবে এই কেন্দ্রের জ্বালানি।বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন কারিগরি প্রতিষ্ঠান পাওয়ার সেল গতকাল বৃহস্পতিবার এই দরপ্রস্তাব উন্মুক্ত করেছে। তবে তা প্রকাশ করেনি। পাওয়ার সেলের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই তাঁরা দরপ্রস্তাবসহ যাবতীয় বিষয় মন্ত্রণালয়ে উপস্থাপন করবেন। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরবর্তী প্রক্রিয়া সেখান থেকেই শুরু হবে।প্রায় এক বছর আগে এই কেন্দ্রটি স্থাপনের জন্য আগ্রহী কোম্পানিগুলোর প্রাকেযাগ্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তার মধ্যে দুটি প্রতিষ্ঠান দরপত্র (কারিগরি ও আর্থিক) জমা দেয়। প্রতিষ্ঠান দুটি হলো, সামিট-জিইর যৌথ উদ্যোগ এবং মালয়েশীয় কোম্পানি ওয়াইটিএল। বিশ্বব্যাংকের পরামর্শক এই দরপ্রস্তাব যাচাই করে। এতে চূড়ান্ত পর্যায়ে ওয়াইটিএল অযোগ্য (নন-রেসপনসিভ) হয়।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত নয় বছরে দেশে কোনো বড় বিদ্যুৎকেন্দ্র (বেইজলোড প্লান্ট) স্থাপিত হয়নি। আশা করি, বিবিয়ানা-১ প্রকল্পটি সেই ধারা পরিবর্তন করবে। একই সঙ্গে দেশে বিদ্যুতের গড় দামও অনেক কমিয়ে আনবে এই কেন্দ্র। আমরা এই কেন্দ্রের জন্য জিইর সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করব। এতে জ্বালানি কম লাগবে।’আরও দুটি প্রকল্প: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গতকাল আরও দুটি বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব (কারিগরি ও আর্থিক) গ্রহণ করেছে। এর একটি ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২ এবং অন্যটি ভোলায়, যেটি ১৫০-২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। প্রথমটির জন্য সামিট-জিই, ওয়াইটিএল এবং ভারতের জিএমআর আর দ্বিতীয়টির জন্য সামিট-জিই এবং মালয়েশীয় কোম্পানি র্যানহিল দরপ্রস্তাব জমা দিয়েছে।