বিবৃতি প্রত্যাহার করতে অ্যামনেস্টিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (এআই) বিবৃতি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের এই সংগঠনের অভিযোগ, অ্যামনেস্টি বিবৃতি দিয়ে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছে।
গত ২৭ অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে দাবি করে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি৷ তাদের আপিল নিষ্পত্তি করা হয়েছে দ্রুততার সঙ্গে৷ রিভিউ আবেদনের প্রক্রিয়াও দ্রুত করা হচ্ছে৷
সংবাদ সম্মেলনে ফোরামের সহসভাপতি আবু ওসমান চৌধুরী বলেন, অ্যামনেস্টি যুদ্ধাপরাধীদের বিচারের অপব্যাখ্যা করছে। প্রকারান্তরে যুদ্ধাপরাধীদের সহযোগিতা দেওয়ার উদ্দেশ্যেই তাদের এ অপব্যাখ্যা। তাদের কাজকর্ম মানবতার পক্ষে বলার। কিন্তু তারা তা বলছে না, বরং মানবতার বিপক্ষে যারা কাজ করেছে, যুদ্ধাপরাধের দায়ে যারা বিচারের সম্মুখীন হচ্ছে, তাদের পক্ষ থেকে কথাগুলো বলে যাচ্ছে।
ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ‘লাখ লাখ’ নির্যাতিত নারীর পক্ষে অ্যামনেস্টি এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি।
সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম হারুন অর রশীদ বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধ করি, তখন আমাদের বিরুদ্ধে কিছু বৃহৎ শক্তি ছিল। তাদের মধ্যে একটা শক্তি হচ্ছে আমেরিকা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আজকের কথার ভিত্তি, তাদের গোড়া সেই আমেরিকা।’
যুদ্ধাপরাধীরা যুক্তরাষ্ট্র ও ইউরোপে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে হারুন হাবীব বলেন, ‘আমি সত্যিকার অর্থে বিশ্বাস করতে চাই না যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটা সংগঠন টাকায় প্রভাবিত হয়ে যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছে। কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি তাদের বক্তব্য, তাদের শব্দ চয়ন যুদ্ধাপরাধীদের পক্ষে যারা এত দিন ছিল, তাদের পক্ষে যারা সাফাই গেয়েছে, তাদের ভাষা আর এই ভাষা এক।’