বিবৃতিদাতাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেওয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ বুধবার ২৭ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে ওই বিবৃতির বিষয়ে বিবৃতিদাতাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দিয়েছেন।
গত ২০ ডিসেম্বর প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। ৫০ নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে ওই প্রতিবেদনটি করা হয়েছিল। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন।
২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এক আদেশে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম আলোকে ওই বিবৃতির অনুলিপি ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। সেই অনুসারে প্রথম আলো ওই বিবৃতির অনুলিপি জমা দিলে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেন। আদেশে বিবৃতিদাতাদের ঠিকানা চান ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক ও মানবাধিকারকর্মী হানা শামস আহমেদের কাছে এসব ঠিকানা চাওয়া হয়।
আদেশে ট্রাইব্যুনাল বলেন, প্রথম আলো ওই ৫০ নাগরিকের দেওয়া কথিত বিবৃতির অনুলিপি জমা দিয়েছে। বিবৃতিদাতা ৫০ জনের মধ্যে এক নম্বরে ছিলেন শাহদীন মালিক ও প্রথম আলোতে বিবৃতিপ্রেরক ছিলেন হানা শামস আহমেদ। এ জন্য শাহদীন মালিক ও হানা শামসকে সব বিবৃতিদাতার যোগাযোগের ঠিকানা ১৪ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। তবে বিবৃতি থেকে পরে নাম প্রত্যাহার করা খুশী কবিরের ঠিকানা লাগবে না।
শাহদীন মালিক ও হানা শামস আহমেদ আজ ট্রাইব্যুনালে বিবৃতিদাতাদের ঠিকানা সরবরাহ করেন। এর পর বিবৃতিদাতাদের কাছে তাঁদের দেওয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল-২।