আদালত অবমাননার দায়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতিদাতাদের ঠিকানা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক ও মানবাধিকারকর্মী হানা শামস আহমেদের কাছে এসব ঠিকানা চাওয়া হয়েছে।
গত ২০ ডিসেম্বর প্রথম আলোয় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। ৫০ নাগরিকের দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে ওই প্রতিবেদনটি করা হয়েছিল। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তাঁর নাম প্রত্যাহার করেন। ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এক আদেশে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রথম আলোকে ওই বিবৃতির অনুলিপি ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। গতকাল বুধবার প্রথম আলো ওই বিবৃতির অনুলিপি জমা দিলে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেন।
গতকালের ট্রাইব্যুনাল আদেশে বলেন, বুধবার প্রথম আলো ওই ৫০ নাগরিকের দেওয়া কথিত বিবৃতির অনুলিপি জমা দিয়েছে। বিবৃতিদাতা ৫০ জনের মধ্যে এক নম্বরে ছিলেন শাহদীন মালিক ও প্রথম আলোতে বিবৃতিপ্রেরক ছিলেন হানা শামস আহমেদ। এ জন্য শাহদীন মালিক ও হানা শামসকে সব বিবৃতিদাতার যোগাযোগের ঠিকানা আগামী ১৪ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। তবে বিবৃতি থেকে পরে নাম প্রত্যাহার করা খুশী কবিরের ঠিকানা লাগবে না।
এ আদেশ পালন করার জন্য ট্রাইব্যুনাল আদেশের অনুলিপি শাহদীন মালিক ও প্রথম আলো সম্পাদককে পাঠিয়েছেন। বিবৃতিপ্রেরক হানা শামসের সঙ্গে যোগাযোগ করে ট্রাইব্যুনালের আদেশ পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রথম আলোর।
ট্রাইব্যুনালের মুখপাত্র ও রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান গতকাল বুধবার বিকেলে এ বিষয়গুলো ব্যাখ্যা করে সংবাদ ব্রিফিং করেন।