বিবৃতির ক্ষেত্রে যাচাই করে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো বিবৃতি বা বার্তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সেই সঙ্গে আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রচারের ক্ষেত্রেও কমিশনের সঙ্গে যাচাই করার অনুরোধ করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ অভিমত দেন তিনি। জাতীয় মানবাধিকার কমিশন এ সভার আয়োজন করে।

সভায় জাতীয় মানবাধিকার কমিশনকে জনগণের আস্থা অর্জন করার ও দুর্বলবান্ধব হওয়ার পরামর্শ দেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকেরা।

মতবিনিময় সভায়প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে আইনে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, জনগণের স্বার্থ ও অধিকার সংরক্ষণে সেটি কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে বাধা এলে গণমাধ্যম কমিশনের পাশে থাকবে। তিনি বলেন, সমাজে যাঁরা ক্ষমতাবান, তাঁরাই মানবাধিকার লঙ্ঘন করেন। শুধু প্রচার নয়, লক্ষ্য হতে হবে কমিশনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জন করা।

দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, শুধু কথা নয়, সবার অধিকার সুনিশ্চিত করতে হবে। শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে কোনো লাভ হবে না। মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আপনার শিরদাঁড়া কতটুকু শক্ত, আমরা দেখতে চাই।’

সরকারের বিভিন্ন সংস্থাই বেশির ভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করছে অভিযোগ করে কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে হতে হবে দুর্বলবান্ধব। কমিশনকে সব সময় দুর্বলের পাশে থাকতে হবে। দুর্বলের মানবাধিকার লঙ্ঘিত হলে সবলের ওপর দুর্বলবান্ধব এই কমিশন কতটা কঠোর হতে পারে সেটার ওপর নির্ভর করবে এর সাফল্য।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের যে ভাবমূর্তি গড়ে উঠেছে, এতে আরও গুণগত পরিবর্তন এনে সামনে এগিয়ে যাওয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কোনো বিষয় তুললে তার চুলচেরা বিশ্লেষণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা চাইব, আন্তর্জাতিক সংস্থার আগেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিজেরাই তুলে ধরে সেগুলো প্রতিকারের ব্যবস্থা নেবে।’ পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য মানবাধিকার কমিশনকে প্রচারাভিযান চালানোরও পরামর্শ দেন তিনি।

সম্পাদকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানবাধিকার কমিশন দুর্বলের পাশে দাঁড়াতে চায়। কিন্তু জনবলের দিক থেকে এখনো কমিশন শিশু অবস্থায় আছে। তারপরও কমিশন চেষ্টা করছে। তিনি যেকোনো বার্তাদেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কমিশনের সঙ্গে যাচাই করে নেওয়ার পরামর্শ দেন। সেই সঙ্গে আন্তর্জাতিক সংস্থার বিবৃতি প্রচারের ক্ষেত্রেও কমিশনের সঙ্গে যাচাই করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, তারা (আন্তর্জাতিক সংস্থা) কোনো একটা বার্তা দিলে সেটা নিজেরা যাচাই-বাছাই করার। আপনাদের কাছে অনুরোধ থাকল, তারা কোনো বার্তা দিলে আপনারা আমাদের সঙ্গে ভেরিফাই (যাচাই) করে নেবেন। তারপর আপনারা যেটা লিখবেন, সেটা আপনাদের মতো লিখবেনই।’

অন্যদের মধ্যে বাসসের চেয়ারম্যান রাহাত খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সময় টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা দানিশ প্রমুখ বক্তব্য দেন। মানবাধিকার কমিশনের অন্য সদস্যরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।