বিবেকবান নেতারা খালেদা জিয়ার কাছ থেকে সরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ধ্বংস হওয়া সময়ের ব্যাপার উল্লেখ করে দলটির ‘বিবেকবান’ নেতাদের খালেদা জিয়ার কাছ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই আহ্বান জানান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘বিএনপির বিবেকবানদের বলব খালেদা জিয়ার কাছ থেকে সরে যান। বিএনপিকে ডুবিয়ে দেওয়ার জন্য খালেদা-তারেকই যথেষ্ট। আওয়ামী লীগকে কিছু করতে হবে না। সরকারকে কিছু করতে হবে না। একটু সময় দেন, দেখবেন বিএনপি ধ্বংস হয়ে গেছে।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, খালেদা জিয়া এখন অসহায় হয়ে পড়েছেন। তার পাশে কেউ নেই। এ জন্য সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেন। ডাল মে কুচ কালা হ্যায়। এখানে যা সিদ্ধান্ত হয়, লন্ডনে না মানলে পরিবর্তন হয়ে যায়।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরে নাসিম আরও বলেন, ‘ভোটে নির্বাচিত হয়ে এই পার্লামেন্টে এসেছি জনগণের কাছে জবাবদিহির জন্য। ৫ জানুয়ারির নির্বাচন না হলে কি এই সংসদ থাকত? থাইল্যান্ডের মতো সেনাশাসন থাকত। নির্বাচনের কারণে এখানে কথা বলতে পারছি। জনগণ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে কথা বলতে পারছে। গণতন্ত্র আছে বলেই খালেদা জিয়ার মতো নেত্রী সরকার উৎখাতের জন্য আন্দোলনের কথা বলতে পারে।’