বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অন্যরা দেশের জন্য কী করছে, সেটা বড় কথা নয়। আমি দেশের জন্য কী করছি সেটাই বড়—জাফর ইকবাল স্যারের কাছে শোনা এই কথাটা আমি আমার জীবনে পালন করার চেষ্টা করি।’ বলছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহাবুদ্দিন সামি। সামির কথার সূত্র ধরে গায়ক ও বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌসিফ আহমেদ বলেন, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে বারবার। তবেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে। তখনই দেশের উন্নতি হবে অবধারিত। গতকাল প্রথম আলোর কার্যালয়ে ‘বিজয়ের ৪০ বছর: তরুণ প্রজন্মের চোখে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তাঁরা এসব কথা বলেন। নানা ক্ষেত্রে সফল বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী এতে অংশ নেন।অভিনেত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যা সিনহা মিম বলেন, ‘নিজের পরিবর্তন হওয়া উচিত সবার আগে। প্রতিটা মানুষ যদি বলে দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, তবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।’ আর ভারত থেকে যুবরত্ন পদক বিজয়ী তরুণ স্থপতি মেহবুবা মেহরীনের অভিমত, ‘কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, উপজেলা পর্যায়ে অন্তত একটি করে হলেও মুক্তিযুদ্ধের ভাস্কর্য তৈরি করতে হবে।’ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন (২০১০) এলিনা সুলতানা বলেন, ‘বিজয়ের ৪০ বছর পরও নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। স্বাধীনতার সুখ যেন নারীরা ভোগ করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’আলোচনায় আরও অংশ নেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অদম্য মেধাবী বিপুল মিয়া, ভাষা প্রতিযোগের তৌহিদুল ইসলাম, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সৌরভ দাশ, গ্রামীণফোন-প্রথম আলো আই-জিনিয়াস (সিরাজগঞ্জ) লামীয়া কবীর, নাসার লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মোহাম্মদ রাজীন, মূর্ছনার সাবেক সাধারণ সম্পাদক ও বুয়েটের শিক্ষার্থী নাবিলা নূর, জাতিসংঘ ছাত্র-যুব সংঘের (ইউনিস্যাব) পরিচালক কানিজ ফাতেমা, শান্তি ও সংঘর্ষ বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুরাগ চাকমা, আদিবাসী সংগীতশিল্পী ডলি প্রু মারমা, আন্তর্জাতিক ক্যারম খেলোয়াড় (র‌্যাংক-৩) ফারজানা আক্তার, চ্যানেল আই ক্যাম্পাস হিরো আফসিদ ইয়ামিন, সিটিআইটি কেস বিজয়ী দলের সদস্য ও বুয়েট শিক্ষার্থী শুভ্র পাল, গ্লোবাল সোশ্যাল ভেঞ্চার (জিএসভিসি) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য ও আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঞ্জলি সরকার, বিতার্কিক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত রায়হান, প্রেসিডেন্ট রোভার স্কাউট পদক বিজয়ী শাহ শরমিন ইসলাম।অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্ন নিয়ের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফিরোজ জামান চৌধুরী। সূচনা বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর।