বিবেচনা ছাড়াই গ্রামীণ ব্যাংককে ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে: ইউনূস
গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়, সরকার পরিচালিত প্রতিষ্ঠান ভালো চলে না। সরকারীকরণের মাধ্যমে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার উদ্যোগে হতাশ হয়েছি।’গতকাল রোববার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের এসব কথা বলেন। মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনের ইউনূস সেন্টারে তাঁর সঙ্গে বদরুদ্দোজা চৌধুরীসহ বিকল্পধারার নেতারা দেখা করেন। বৈঠক শেষে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংককে সরকারীকরণের প্রস্তাব করেছে গ্রামীণ ব্যাংক কমিশন। ২০ জুলাই কমিশন প্রতিবেদন প্রকাশ করবে। তার আগেই জনগণ ঐক্যবদ্ধ হলে গ্রামীণ ব্যাংককে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তিনি বলেন, তিলে তিলে গড়া ওঠা প্রতিষ্ঠানটি কোনো বিবেচনা ছাড়াই ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি বা শিল্প ব্যাংকের আদলে গ্রামীণ ব্যাংক ধ্বংস করা ন্যায়বিচার হবে না। ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ারের মালিকদের কাছ থেকে মালিকানা কেড়ে নেওয়া হলে শুভবুদ্ধির পরিচয় দেবে না সরকার।গ্রামীণ ব্যাংক রক্ষায় বিকল্পধারা বাংলাদেশ ড. ইউনূসের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বদরুদ্দোজা চৌধুরী। এ আশ্বাসকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র প্রতিহত করতে অনেকে এগিয়ে আসছেন। এর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ গ্রাহক। জনগণও গ্রামীণ ব্যাংকের সঙ্গে আছে।এ সময় বদরুদ্দোজা চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংককে সরকার টুকরা টুকরা করতে চায়। নোবেলজয়ী এই প্রতিষ্ঠান ধ্বংস করার কোনো মানে হয় না। শেষ সময়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।