আন্দোলনরত শিক্ষকদের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা এখন সাধারণ সভা করে আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন শিক্ষকনেতারা। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও অর্থসচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাঁরা তাঁদের দাবিগুলো তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীকে খুব ইতিবাচক মনে হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি শিক্ষকদের দাবিগুলোর বিষয়ে দেখবেন। এ জন্য তিনি শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মাকসুদ কামাল আরও বলেন, সাধারণ সভা করে এখন আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সভাটি কবে হবে, তা এখনো ঠিক হয়নি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যাতে গ্রেড-৩ থেকে গ্রেড-১-এ যেতে পারেন, তার সোপান তৈরি করা হবে। অন্য দাবিগুলো পর্যালোচনা করে পূরণ করা হবে। শিক্ষকনেতারা জানিয়েছেন, নিজেদের ফোরামে আলোচনা করে শিগগির তাঁরা ক্লাসে ফিরে যাবেন।