বিব্রতকর ব্যক্তিরা দায়িত্ব থেকে সরে দাঁড়ান: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে মুখগুলো সরকারের জন্য বোঝা হয়ে পড়েছেন, যাঁদের জন্য সরকার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তাঁদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আপনারা জনগণের ভাষা বুঝুন। আপনাদের দায় সরকার নিতে পারে না।’গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। সম্প্রতি অনুষ্ঠিত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন আমাদের প্রচণ্ড ধাক্কা দিয়েছে, তাতে সন্দেহ নেই। ভুল এবং ত্রুটি শোধরাতে হবে।’ জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটি আলোচিত হত্যাকাণ্ড, তাই দ্রুত এর বিচার করতে হবে।জাতীয় নির্বাচনের আগে ‘হাতে সময় খুবই কম’ মন্তব্য করে নাসিম বলেন, এর মধ্যেও ‘ত্রুটি-বিচ্যুতি’ সংশোধন করতে হবে। জনগণের ওপর আস্থা রাখতে হবে।স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রাজনীতিতে ধর্মের অপব্যবহার রোধে শিক্ষকসমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবদুল মান্নান।