বিভক্ত ঢাকাকে এক করতে আন্দোলন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে এক করতে ‘জনগণের ঢাকা আন্দোলন’ নামে একটি কর্মসূচি শুরু করছে সামাজিক সংগঠন ‘সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র’। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলন পরিচালনার জন্য ইনামুল হককে আহ্বায়ক এবং ফিরোজ আহমেদকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দু-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় বক্তারা এই আন্দোলনে শামিল হওয়ার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান। এই আন্দোলনের সঙ্গে কয়েকটি বাম রাজনৈতিক দল এবং পরিবেশবাদী সংগঠন সংহতি প্রকাশ করেছে। সভায় নগর উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ঢাকাকে ভাগ করার প্রয়োজন র্িছল না। সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা ভাগের ফলে এর প্রশাসনিক কাঠামো, জনবল ও ব্যয় দ্বিগুণ হবে। ভেঙে পড়বে প্রশাসনিক ব্যবস্থাপনা। ফলে ঢাকার মানুষ এখন যে সেবা পাচ্ছে, তাও পাবে না। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার নিজেদের স্বার্থ রক্ষার জন্য ঢাকাকে দুই ভাগ করেছে। ঢাকা অপরিকল্পিতভাবে চারদিকে বাড়ছে। সেদিকে সরকারের নজর নেই। অবিরাম ঢাকা শহরের চারদিকের জমি দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ফিরোজ আহমেদ। সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রতিবেশ আন্দোলনের সমন্বয়কারী আবুল হাসান, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রমুখ।