বিভক্ত বিএনপিতে ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপির বিবদমান দুটি পক্ষ দীর্ঘদিন পর একত্র হচ্ছে। নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তারা এ নির্বাচনে তিনটি পদেই দলটির পক্ষে একক প্রার্থী দেওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এখানে বিএনপি দুই ভাগে বিভক্ত। দুটি পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছে। জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা একটি পক্ষের এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলাম অপর পক্ষের নেতৃত্বে আছেন। দুটি পক্ষেরই উপজেলা, পৌর ও পাঁচটি ইউনিয়নে আলাদা কমিটি আছে।
গোলাম মোস্তফা-সমর্থিত উপজেলা কমিটির সভাপতি দেওয়ান কোরবান আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং সিরাজুল ইসলাম-সমর্থিত উপজেলা কমিটির সভাপতি জামশেদ আলম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান ওরফে মজু। দলের হরতাল-অবরোধের কর্মসূচিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। নির্বাচন কমিশন প্রথম দফায় দেশের ১০২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এখানে দলের মধ্যে ঐক্যের সুর বাজতে শুরু করে। উভয় পক্ষের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছেছেন।
দলীয় নেতা-কর্মীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে তাঁরা আওয়ামী লীগকে এককভাকে মাঠ ছেড়ে দিতে চান না। কেন্দ্রের নির্দেশনা পেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের একক প্রার্থী দেওয়া হবে। উপজেলা বিএনপির একাংশের সভাপতি জামশেদ আলম ও সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কমলের মধ্যে একজনকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। সাবেক সাংসদ গোলাম মোস্তফা দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে দলীয় প্রার্থিতা ঘোষণা করবেন। একীভূত করার ব্যাপারেও তিনি দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন।
যোগাযোগ করা হলে গোলাম মোস্তফা দুই পক্ষকে একত্রিত করার আলোচনা হওয়ার কথা স্বীকার করে জানান, তিনি কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছেন। দলীয় নির্দেশ পেলেই উপজেলা পরিষদ নির্বাচনে এখানে দলের একক প্রার্থী দেওয়া হবে। দলীয় প্রার্থীর পক্ষে সব নেতা-কর্মী কাজ করবেন। এখানে দলের মধ্যে বিরোধ থাকবে না।
উপজেলা বিএনপির একাংশের সভাপতি জামশেদ আলম প্রথম আলোকে বলেন, এখানে দলের বিভক্তি নিরসন হলে দলীয় প্রার্থীদের সাফল্য কেউ ঠেকাতে পারবে না। তাই দুই পক্ষের নেতা-কর্মীদের একীভূত করার লক্ষ্যে আলোচনা চলছে। এ ব্যাপারে সাবেক সাংসদ গোলাম মোস্তফার সঙ্গে আলোচনাও হয়েছে।