বিভক্ত সমাজে জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বাংলাদেশের সমাজ এখন একাত্তরের মতো ঐক্যবদ্ধ নয়, বরং সমাজ আজ বিভক্ত। এ সমাজে জঙ্গিবাদ প্রতিরোধ করতে গেলে জনমত গঠন করে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
গতকাল মঙ্গলবার ‘জঙ্গি-সন্ত্রাস দমনে সামাজিক প্রতিরোধ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িতার প্রত্যাবর্তন ও জঙ্গিবাদের উত্থান প্রতিরোধ না করতে পারলে বাংলাদেশ নামে থাকবে, কিন্তু প্রকৃত বাংলাদেশ থাকবে না।
জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিলের আয়োজন করে ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ডা. এম এ হাসান। তিনি শিক্ষাব্যবস্থায় ইতিহাস-সংস্কৃতি তুলে ধরে এবং পাঠ্যপুস্তকে সব ধর্মের মূল কথা এনে নৈতিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে জঙ্গিবাদবিরোধী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তাঁর কথার সূত্র ধরে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দেশের শিক্ষাব্যবস্থাও বহুধাবিভক্ত। পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষার প্রস্তাব ভালো, কিন্তু সময়সাপেক্ষ। পাঠ্যপুস্তকে এটা তুলে ধরতে গেলে প্রথমে নীতি নির্ধারণ করতে হবে, তারপর পাঠ্যপুস্তক লেখা হবে, এরপর ছাত্রছাত্রীরা পড়বে। মূল্যবোধ গড়ে তোলা তারও পরের ব্যাপার।
জঙ্গিবাদের আন্তর্জাতিক সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বহির্বিশ্বের সঙ্গে তাদের যোগ আছে। অর্থের জোগানও তারা বিভিন্ন সময় দেশের বাইরে থেকে পায়। অস্ত্র ও অর্থের জোগান সরকারকে বন্ধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, দেশের সব বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইতিহাস পড়ানো বাধ্যতামূলক করার প্রজ্ঞাপন জারির জন্য মঞ্জুরি কমিশন ব্যবস্থা নিচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে গোলটেবিলে আরও বক্তব্য দেন, কবি ও সাংবাদিক নাসির আহমেদ, সাংবাদিক সালিম সামাদ, মুক্তিযোদ্ধা শচীন কর্মকার, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী প্রমুখ।