মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর পক্ষে সব বিভেদ ভুলে একসঙ্গে প্রচার চালিয়েছেন দলটির বিভিন্ন কমিটির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগের সভাপতি ও দলের প্রার্থী ফজলুর রহমানকে সঙ্গে করে শহরে প্রচারণা চালান তাঁরা।
পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান লোকমান বলেন, ‘সবাইকে একসাথে নিয়ে প্রচারে নামতে অনেক কষ্ট করতে হয়েছে। প্রায় ১০-১২ বছর পর আমরা একসাথে কাজ করছি। এটা অনেক আনন্দের।’
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০০৬ সালে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে কমিটি গঠন নিয়ে জেলা কমিটি দুটি অংশে বিভক্ত হয়ে আছে। এর একটি অংশের নেতৃত্ব দেন বর্তমান জেলা কমিটির সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ এবং অপর অংশের নেতৃত্বে ছিলেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। দলের দুটি অংশ পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাংসদ এবং পরবর্তী সময়ে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও এই বিভক্তি ঘোচেনি। কমিটির ওই বিভক্তির কারণে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও বিভক্ত ছিলেন।
সূত্র আরও জানায়, এ পরিস্থিতিতে পৌরসভা নির্বাচনে দলের প্রতীক নৌকার প্রার্থীর জয় নিশ্চিত করতে গতকাল বিবদমান দুই পক্ষের নেতারা দলের মেয়র পদপ্রার্থী ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে পথে নামেন। তাঁরা জেলা শহরের চৌমোহনা এলাকা থেকে প্রচার শুরু করেন। একে একে শমসেরনগর সড়ক, এম সাইফুর রহমান সড়ক (সেন্ট্রাল রোড), পশ্চিমবাজার, কুসুমবাগ এলাকা, কুদরত উল্লাহ সড়ক, সৈয়দ মুজতবা আলী সড়কসহ বিভিন্ন অলিগলিতে প্রচারণা চালান তাঁরা। এ সময় নেতাদের নৌকা প্রতীকের প্রচারপত্র বিলি করতে এবং পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট চাইতে দেখা যায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের সবাই এক আছি। দলের প্রয়োজনে ও বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।’
গতকালের প্রচারাভিযানে অংশ নেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, সৈয়দ মহসিন আলীর অংশের নেতা ও জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ ফিরোজ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনকার আহমদ, মৌলভীবাজার পৌর কমিটির সভাপতি আতাউর রহমান লোকমান, মহসিন আলীর ছোট ভাই সৈয়দ নওশের আলী, মহসিন আলীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন, যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ প্রমুখ।
প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিন বলেন, ‘এর আগে আমি বাবার জন্য প্রচারকাজ করেছি। কিন্তু আজ আমরা সবাই একসাথে কাজ করছি। আমার খুব খুশি লাগছে। বাবা বেঁচে থাকলে তিনিও খুশি হতেন। পুরোনো নেতা-কর্মী, চাচা-ভাইদের সাথে কাজ করতে খুব ভালো লাগছে।’
আওয়ামী লীগের প্রার্থী ফজলুর রহমান বলেন, ‘দলের সবাই আজ এক। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। সবাই আমার সাথে আছেন। আমি নিশ্চিত জয়লাভ করব।’