বিভক্তি ভুলে মনোনয়নবঞ্চিতরা নৌকার জন্য এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী-৬ আসনে মনোনয়নবঞ্চিতরা একসঙ্গে নির্বাচনী সভায় যোগ দেন। গতকাল রাজশাহীর বাঘা হাইস্কুল গেটে।  প্রথম আলো
রাজশাহী-৬ আসনে মনোনয়নবঞ্চিতরা একসঙ্গে নির্বাচনী সভায় যোগ দেন। গতকাল রাজশাহীর বাঘা হাইস্কুল গেটে। প্রথম আলো

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মনোনয়নবঞ্চিত নেতারা গতকাল শুক্রবার বাঘা ও চারঘাটে দুটি পৃথক নির্বাচনী সভায় এক মঞ্চে উঠে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। তাঁরা নিজেরা মনোনয়নবঞ্চিত হলেও নৌকার প্রশ্নে তাঁরা এককাট্টা। তাই দল থেকে যাঁকে প্রার্থী করা হয়েছে, নৌকাকে বিজয়ী করতে তাঁর পক্ষেই ঐক্যবদ্ধভাবে তাঁরা কাজ করবেন বলে ঘোষণা দেন।

রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই আসন থেকে এবার মনোনয়ন চেয়েছিলেন সাবেক সাংসদ রায়হানুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী লায়েব উদ্দিন ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী। তাঁরা গত ৩ নভেম্বর বাঘায় শাহরিয়ার আলমের সমাবেশের বিপরীতে পাল্টা সমাবেশ করে তাঁদের তিনজনের মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছিলেন। তাঁরা একই সঙ্গে ঢাকায় গিয়ে দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন এবং জমাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত শাহরিয়ার আলমই দলের মনোনয়ন পান।

৮ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে রাজশাহীর সব আসনের মনোনয়নবঞ্চিতদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেখানে রাজশাহী-৬ আসনের এই তিন মনোনয়নবঞ্চিত নেতাও উপস্থিত ছিলেন। তাঁরা নৌকার প্রার্থীকে হাত তুলে সমর্থন জানান। তবে গতকালই প্রথম তাঁরা সরাসরি মাঠে এসে প্রার্থীর প্রতি সমর্থন জানালেন। গতকাল বিকেলে বাঘা পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সদরে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে মনোনয়নবঞ্চিত নেতারা দলীয় প্রার্থী শাহরিয়ার আলমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজশাহী-৬ আসনের সাবেক সাংসদ রায়হানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী লায়েব উদ্দিন প্রমুখ।

সভায় প্রার্থী শাহরিয়ার আলম বলেন, ‘যাঁদের পরিশ্রমে বাঘা-চারঘাটের আওয়ামী লীগের সংগঠন গড়ে উঠেছে, তাঁরা আজ একসঙ্গে রয়েছেন। এভাবেই আমরা নির্বাচনের আগে ও পরে একসঙ্গে কাজ করব। বাঘা-চারঘাটের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আজ অনেক বেশি শক্তিশালী। কেউ আমাদের হারাতে পারবে না।’

আওয়ামী লীগ নেতা লায়েব উদ্দিন বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। ৩০ তারিখে নেত্রীকে একটি বিজয় উপহার দেব।’

এরপর সন্ধ্যা সাতটায় চারঘাট উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে অনুরূপ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। এখানে এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মনোনয়নবঞ্চিত নেতারা বক্তব্য দেন।