বিভক্তির কারণে গণজাগরণ মঞ্চ জনগণের আস্থা হারিয়েছে। এ আস্থা ফিরিয়ে আনতে হলে জনগণের কাছে ফিরে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারবিরোধী অংশের বক্তাদের বক্তব্যে এসব কথা বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময়ে অংশ নিয়ে শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ বলেন, দেশে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে, কিন্তু এর চেতনাবিরোধী রাজাকারেরা প্রতিনিয়তই ষড়যন্ত্র করছে। গণজাগরণ মঞ্চের আন্দোলন বারবার থেমে যাচ্ছে, আবার নতুন করে শুরু করতে হচ্ছে। অবস্থা এমন হয়েছে যে তাদের এখন টিএসসিতে অনুষ্ঠান করতে হয়। এভাবে চলতে থাকলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস বলেন, ‘আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিজীবনে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। গণজাগরণ মঞ্চের ডাকে আগে যেখানে লাখ লাখ মানুষ আসত, এখন কেন আসছে না—সেটা খুঁজে দেখতে হবে।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণজাগরণ মঞ্চের আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছি ঘরের শত্রু বিভীষণের কারণে। এখন পর্যন্ত আমরা এদের চিহ্নিত করতে পারছি না। এদের ব্যাপারে সতর্ক হওয়ার সময় এসেছে।’
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, গণজাগরণ মঞ্চ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু আন্দোলন থেকে পেছানোর কোনো সুযোগ নেই।
ইমরানবিরোধী অংশের নেতা কামাল পাশা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মঞ্চের সংগঠক আবুল কালাম আজাদ, এফ এম শাহীন প্রমুখ।