সাগর-রুনি হত্যার বার্ষিকীতে সাংবাদিক নেতারা
বিভক্তির জন্য হত্যা-রহস্য উদ্ঘাটনে চাপ দিতে পারেনি সাংবাদিক সমাজ
সাংবাদিক নেতারা বলেছেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে সাংবাদিক সমাজ সরকারকে যথেষ্ট চাপ দিতে ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার সাগর-রুনির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তাঁরা এমন কথা বলেন।
সমাবেশে আগামী ১০ মার্চের মধ্যে এ হত্যার কূলকিনারা না হলে ১১ মার্চ ডিআরইউ চত্বরে সব সাংবাদিক সংগঠনকে নিয়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। মানববন্ধনে সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ ও পরিবারের অন্য সদস্যরা অংশ নেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাগর-রুনির রক্তাক্ত লাশ পাওয়া যায়। সাগর সরওয়ার মাছরাঙা টিভির বার্তা সম্পাদক ও মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। এ হত্যার বিচারের দাবিতে সাংবাদিক ইউনিয়নের দুই অংশ একজোট হয়ে আন্দোলন শুরু করে। এ অবস্থা বেশি দিন থাকেনি। গতকাল ওই হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে আবার এক কর্মসূচিতে যোগ দেন সাংবাদিকদের দুই ইউনিয়নের নেতারা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সাগরের মা যখন আমাকে ফোন করেন, আমি কোনো জবাব দিতে পারি না।’ তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য সাংবাদিক হত্যার বিচার করার প্রতিশ্রুতি দেয়। ক্ষমতায় গিয়ে সবকিছু ভুলে যায়। সাংবাদিকতা পেশাকে রাজনৈতিক অন্দরমহলে মিশিয়ে ফেলায় আজ সাংবাদিকেরা মামলা, হামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। সাংবাদিকেরা পেশাদারি ও সাংগঠনিকভাবে ব্যর্থ হয়েছেন।’ তিনি আরও বলেন, যাঁরা ৪৮ ঘণ্টা, ৭২ ঘণ্টার মধ্যে সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন, তাঁদের এখন লজ্জা হয় না। তিন বছর পেরিয়ে গেল অথচ কোনো আসামি গ্রেপ্তার হলো না।
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এ হত্যা যতটা রহস্যজনক, তার চেয়ে বেশি রহস্যজনক এ হত্যার তদন্ত নিয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড। এটি খুবই ঘৃণ্য।
সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, কারা কেন এ হত্যাকাণ্ড ঘটাল, তিন বছরেও এসব জানা যায়নি। র্যা ব ৩২ বার সময় নিয়েছে। এখনো ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি। তিনি বলেন, ‘আমরাও ব্যর্থ হয়েছি, আর আমাদের মধ্যে বিভক্তিই কাল হয়েছে।’
মানববন্ধনে নিহত সাংবাদিক রুনির ভাই নওশের আলম বলেন, ‘আমরা বিচারের আশা ছেড়ে দিয়েছি। তবু চেষ্টা করছি এখনো।’ গতকাল তাঁরা নিহত দম্পতির একমাত্র সন্তান মেঘকে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনে স্মারকলিপি দিতে গিয়েছিলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন আবদুল হাই শিকদার, আলতাফ মাহমুদ, জাহাঙ্গীর আলম প্রধান, কুদ্দুস আফ্রাদ, ওমর ফারুক, শাহেদ চৌধুরী, রেজওয়ানুল হক রাজা প্রমুখ।
সমাবেশ ও স্মারকলিপি: সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে পৃথক সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বিএফইউজে ও ডিইউজের দুটি অংশ।
জাতীয় প্রেসক্লাবে সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘যেসব মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তা সাগর-রুনির হত্যাকারীদের ধরার বিষয়ে সময় বেঁধে দিয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার করলেই প্রকৃত খুনিরা ধরা পড়বে।’
বিএফইউজের সিনিয়র সহসভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, কাদের গনি চৌধুরী প্রমুখ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাগর-রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে সাগর-রুনি স্মরণে আলোচনা সভা হয়।