বিভক্তের বিরোধিতা করলেন মেয়র ও কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মেয়র সাদেক হোসেন খোকাসহ ওয়ার্ড কাউন্সিলররা। তাঁরা সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। অন্যথায় আন্দোলনে যাওয়ার হুমকি দেন।গতকাল সোমবার নগর ভবন মিলনায়তনে ডিসিসির ১৮তম সাধারণ সভায় এ দাবি জানানো হয়।ডিসিসি সূত্র জানায়, সভায় সিদ্ধান্ত হয়, ডিসিসিকে অবিভক্ত রাখতে মেয়র ও কাউন্সিলররা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার সাংসদদের কাছে স্মারকলিপি দেবেন। এ জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটিতে রয়েছেন: কাজী আবুল বাশার, আনোয়ার হোসেন, আব্দুল আলীম, মাহমুদা বেগম, মো. হুমায়ুন কবীর ও হাজি মো. সেলিম। কমিটি ঈদের আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবে।মেয়র সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও ডিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় সাদেক হোসেন বলেন, বিভক্ত নয়, নগর সরকার (সিটি গভর্নমেন্ট) চালু করেও ডিসিসিকে শক্তিশালী করা যায়। একই সঙ্গে উপ-মেয়রের পদ সৃষ্টি এবং ডিসিসির আঞ্চলিক কার্যালয়গুলো নির্বাচিত চেয়ারম্যানদের দ্বারা পরিচালনার আইন করা যেতে পারে। তিনি অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে ডিসিসিকে ভাগ করতে চাচ্ছে।গতকাল দুপুরে এ সভা শুরু হয়। সভায় ডিসিসি বিভক্ত হলে মেয়র পদমর্যাদা, এলাকাভিত্তিক রাজস্ব আয়-ব্যয়ের ঘাটতি, উন্নয়ন-বৈষম্য, সম্পদ, ঐতিহ্য থেকে বঞ্চিত হওয়াসহ নানা বিষয় তুলে ধরা হয়।কাউন্সিলররা সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, সাধারণ মানুষ কোনো দলের রাজনৈতিক ক্ষোভের শিকার হতে পারে না। আর আমলাদের দিয়ে সাধারণ মানুষের সেবা দেওয়া যায় না। এ সিদ্ধান্ত বাতিল না করলে তাঁরা আন্দোলনে যাওয়ার হুমকি দেন।গত সপ্তাহে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন পায়। এ জন্য সিটি করপোরেশন আইন, ২০০৯ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।