জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনের মুখে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সহউপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন।
আজ বৃহস্পতিবার থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ আরও কয়েকটি সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন। এই অবরোধের কারণে আজ বিকেলে ভর্তি প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে প্রশাসন।
ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, শিক্ষার খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আয় বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যয় করতে হবে। তা না করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় অন্যায়।
সহউপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভর্তি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।