রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে একই সঙ্গে দুজন চিকিৎসক নিজেদের বিভাগীয় প্রধান দাবি করে কাগজপত্রে স্বাক্ষর করছেন। আট মাস ধরে তাঁরা দুজনই হাসপাতালের ভেতরে-বাইরে এই পরিচয় ব্যবহার করছেন। ফলে সেখানে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে রোগীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ছয় বছর ধরে নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শেখ মুহাম্মদ একরামুল্লাহ। বর্তমানে তিনি ওই বিভাগের সহযোগী অধ্যাপক। জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী, একরামুল্লাহসহ ওই বিভাগে তিনজন নিউরোসার্জন কর্মরত আছেন। এরই মধ্যে গত বছরের ২৮ আগস্ট লুৎফর রহমান (অধ্যাপক, নিউরোসার্জারি) কলেজে যোগদান করেন। অর্গানোগ্রাম অনুযায়ী, নিউরোসার্জারি বিভাগে অধ্যাপকের পদ নেই। লুৎফর রহমান ‘অধ্যাপক, বার্ন ও প্লাস্টিক সার্জারি’ পদের বিপরীতে বেতন উত্তোলন করেন। অভিযোগ রয়েছে, দাপ্তরিক কোনো লিখিত আদেশ ছাড়াই লুৎফর রহমান নিজের নামফলকে ‘বিভাগীয় প্রধান’ শব্দ দুটি সংযোজন করেন। নিজেকে বিভাগীয় প্রধান দাবি করে বিভিন্ন প্রশাসনিক কাগজপত্রে স্বাক্ষর করতে শুরু করেন। বাইরে যেখানে রোগী দেখেন, সেখানেও তিনি নিজের নামের সঙ্গে বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি লিখছেন। এদিকে একরামুল্লাহর নামফলক থেকে ‘বিভাগীয় প্রধান’ শব্দ দুটি দেওয়া হয়েছে। তিনিও বিভিন্ন কাগজপত্রে বিভাগীয় প্রধান হিসেবেই স্বাক্ষর করছেন। হাসপাতালের বাইরেও তিনি সেই পরিচয় ব্যবহার করছেন। হাসপাতাল সূত্র জানায়, এর আগে এই বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের মধ্যে ইউনিট পদ্ধতি চালু ছিল। বিভাগটিতে দুই ইউনিটে ১৫টি করে ৩০টি শয্যা রয়েছে। পালা অনুযায়ী চিকিৎসকেরা নিজ নিজ ভাগে নির্ধারিত দিনে, নির্ধারিত ইউনিটে রোগী ভর্তি করতেন। তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করতেন। লুৎফর রহমান আসার পর এই পদ্ধতি বাতিল করে পুরো দায়িত্ব নিজে নিয়ে নেন। এর পর থেকে ভর্তি ও চিকিৎসার ক্ষেত্রে এক রকম জটিলতার সৃষ্টি হয়। নিউরোসার্জারি বিভাগের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রোগীদের স্বার্থে গত ১০ মার্চ হাসপাতালের পরিচালক অনানুষ্ঠানিক মতবিনিময়ের পরিপ্রেক্ষিতে ইউনিট পদ্ধতি করে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের দায়িত্ব ভাগ করে দেন। কিন্তু লুৎফর রহমান তা না মানলে পরের দিন আবার তা স্থগিত করে দেওয়া হয়। এখন পর্যন্ত ইউনিট বিভাজনের কোনো আদেশ দেওয়া হয়নি। এ কারণে রোগীসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন বিছানায় পড়ে থেকে অনেক রোগী হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন। গত ২৪ এপ্রিল হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, তিনজন রোগী দু-তিন মাস ধরে অস্ত্রোপচারের অপেক্ষায় বিছানায় পড়ে আছে। জানতে চাইলে লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, তিনি এই বিভাগের অধ্যাপক। অধ্যাপক থাকলে তো সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান থাকতে পারেন না। এ জন্য দাপ্তরিক কোনো আদেশের দরকার নেই। অর্গানোগ্রামে এই বিভাগে অধ্যাপকের পদ নেই। তাহলে কীভাবে তিনি প্রধান হয়েছেন, জানতে চাইলে তিনি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলেন। দাপ্তরিক আদেশ না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, অধ্যাপক থাকলে সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান থাকেন না। এর পরও এ নিয়েই যখন জটিলতা তৈরি হয়েছে, তিনি দাপ্তরিক আদেশের ব্যবস্থা করবেন। এদিকে একরামুল্লাহ দাবি করছেন, সহযোগী অধ্যাপককে বিভাগীয় প্রধান করেই এই বিভাগের অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে। এখানে অধ্যাপকের কোনো পদ নেই।