বিভাগ ও বিশ্ববিদ্যালয় চায় ফরিদপুরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর কাছে আলাদা বিভাগ, সিটি করপোরেশন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন প্রভৃতি দাবি জানাবে এ জেলার বাসিন্দারা।
আগামী বুধবার প্রধানমন্ত্রী ফরিদপুর সফরে আসছেন। ওই দিন তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। এ ছাড়া ২০টি স্থাপনার উদ্বোধন ও ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শেখ হাসিনা সর্বশেষ ফরিদপুরে এসেছিলেন ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায়। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দীর্ঘদিনের দাবি পূরণের প্রত্যাশায় বুক বেঁধেছে দলমত-নির্বিশেষে এ জেলার সর্বস্তরের মানুষ। রাজনীতির ময়দানে সংঘাত-দ্বন্দ্ব থাকলেও নেতারা চাওয়া-পাওয়ার হিসেবে কষেছেন যেন একই অবস্থানে থেকে। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, ‘আমরা ফরিদপুরকে বিভাগ হিসেবে দেখতে চাই। এ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। সিটি করপোরেশন ও দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু চাই।’
প্রায় একই সুরে কথা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী। তাঁর প্রত্যাশা, ফরিদপুরে বিভাগ, বিশ্ববিদ্যালয় ও পাটনির্ভর শিল্পাঞ্চল হবে। এর পাশাপাশি গ্যাস-সংযোগ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হবে।
পরিষ্কার-পরিচ্ছন্ন শহর ও গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ফ্লাইওভার চান সংবাদপত্র বিক্রয়কর্মী নূরল ইসলাম। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক বলেন, ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় শেখ জামাল স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করবেন। বেলা পৌনে তিনটায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিভিন্ন স্থাপনার উদ্বোধন ও উন্নয়নকাজের ভিত্তি স্থাপন করবেন। বেলা ৩টায় ওই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। বিকেল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তোরণ নির্মাণ, ব্যানার টাঙানো ও পোস্টার সাঁটানো হয়েছে। সড়ক বিভাজকসহ আশপাশের ভবন রং করা হয়েছে। সড়কের দুই পাশসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।