বিভাগ ঘোষণা দেননি এলাকাবাসী হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাখো মানুষের আশা ছিল, ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন এ ঘোষণা। তাই গত বৃহস্পতিবার ময়মনসিংহ সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ছিল এলাকাবাসী। কিন্তু এ ধরনের কোনো ঘোষণা দেননি প্রধানমন্ত্রী। এতে তাঁরা হতাশ।গত সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনসহ বৃহত্তর ময়মনসিংহের মোট ৩৯টি আসনের সব কটিতেই জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ কারণে প্রধানমন্ত্রীর কাছে ময়মনসিংহবাসীর প্রত্যাশাও ছিল একটু বেশি। নাম প্রকাশ না করার শর্তে শহরের নতুন বাজার এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজনীতি অত বুঝি না। সবাই ভোট দিয়া ক্ষমতায় আনছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী ময়মনসিংহের মানুষরে তো কিছুই দিয়া গেলেন না।’ বৃহস্পতিবার রাতেও প্রায় একই রকম হতাশার কথা বলেন স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক স্বত্বাধিকারী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘কিছু তো দিলেনই না, আবার বলে গেলেন, আগামী নির্বাচনে পাস করলে ময়মনসিংহকে সিটি করপোরেশন করে দেবেন। কিন্তু বিরোধী দলে থাকার সময় (১৯৯৪ সালে), প্রধানমন্ত্রী ময়মনসিংহকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।’ জেলা নাগরিক আন্দোলন শনিবার দুপুরে শহরের কংগ্রেস জুগলি রোডে নিজস্ব কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে। এতে কমিটির সভাপতি আনিসুর রহমান খান বলেন, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবি শুধু নাগরিক আন্দোলন কমিটির নয়। ময়মনসিংহের বাসিন্দারা কখনো এ দাবি ত্যাগ করবে না।