বিভাগ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওই দিন বেলা তিনটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মেলন উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নবনির্মিত ভবনের উদ্বোধন করার কথা রয়েছে।প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ময়মনসিংহে চলছে প্রস্তুতি ও সাজসজ্জা। আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শহরে অন্তত ২০টি তোরণ নির্মিত হয়েছে। শহরজুড়ে শোভা পাচ্ছে অগণিত ব্যানার ও ফেস্টুন।এদিকে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপনের ব্যাপারে প্রস্তুত হচ্ছে ময়মনসিংহবাসী। তাদের প্রধান দাবি একটাই, প্রধানমন্ত্রী যেন ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করেন এবং তা দ্রুত বাস্তবায়ন করেন। এ ছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বাড়ানোসহ বেশ কিছু দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে।দাবিগুলো আদায়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন করে আসছে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গত সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।কথা হয় ময়মনসিংহ নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খানের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রধান দাবি, ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন। এটি হলেই নিয়মতান্ত্রিকভাবে অন্য দাবিগুলো পূরণ হয়ে যাবে। বিভাগের ঘোষণা না এলে ময়মনসিংহ অঞ্চলের দুই কোটি মানুষ মর্মাহত হবে।’ময়মনসিংহের অন্যতম ব্যবসায়ী নেতা শংকর সাহা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হচ্ছে ময়মনসিংহকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা। ময়মনসিংহে ইপিজেড স্থাপন করে সাত থেকে আট লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহকে বিভাগ ঘোষণার দাবিতে শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে ব্যানার। সাধারণ মানুষ মনে করছে, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহবাসীকে খুশি করতে প্রধানমন্ত্রীর জনসভা থেকে ময়মনসিংহ বিভাগের ঘোষণা আসতেও পারে।