বিভাগ না হওয়ায় হতাশ কুমিল্লাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক সংস্কারসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) গতকাল সোমবারের সভায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করায় হতাশা ব্যক্ত করেছে নাগরিক সমাজ। তারা স্থানীয় নেতৃত্বের দূরদর্শিতার অভাবকে এ জন্য দায়ী করেছে।
জানা যায়, গতকাল সোমবার নিকার বৈঠকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ওই তথ্য জানানোর পর কুমিল্লাবাসী হতাশ হয়ে পড়ে।
ইতিহাসবিদ গোলাম ফারুক বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ ও ইতিহাস-ঐতিহ্যের জেলা শহর কুমিল্লা। এটি ব্রিটিশ-ভারতের প্রাচীনতম শহর। আগে এর নাম ছিল ত্রিপুরা জেলা। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা হয়। ১৯৬০ সালে প্রশাসন বিকেন্দ্রীকরণের ফলে কুমিল্লা পৃথক জেলার মর্যাদা পায়। গোমতী নদীর তীরে এ শহরের অবস্থান। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে কুমিল্লায় বিভাগ হওয়া উচিত।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব অশোক বড়ুয়া বলেন, ‘যোগ্য নেতৃত্বের অভাবে কুমিল্লা বিভাগ হলো না। নিকারে কুমিল্লার প্রভাবশালী ব্যক্তিরা থাকা সত্ত্বেও বিভাগের ঘোষণা না আসার বিষয়টি দুঃখজনক। ময়মনসিংহের আগে কুমিল্লাবাসী বিভাগের জন্য আন্দোলন শুরু করে। কুমিল্লায় বিভাগ করার সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ঘোষণা না হওয়া আমরা হতাশ।’
শিশুসাহিত্যিক ও গণমাধ্যমকর্মী সাইয়িদ মাহমুদ পারভেজ বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের নেতারা সক্রিয় না হওয়ার কারণে কুমিল্লা বঞ্চিত হচ্ছে। নেতাদের আঞ্চলিক প্রীতি কম থাকার কারণে কুমিল্লা বিভাগ ঘোষণা হয়নি।’
নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন সংস্কৃতিকর্মী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে কুমিল্লা বিভাগ না হলে আর কখনো হবে না। অন্য গোষ্ঠী ক্ষমতায় এলে তারা আরেকটি জেলাকে বেছে নেবে। অথচ কুমিল্লায় সিটি করপোরেশন, শিক্ষা বোর্ডসহ সরকারের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে।
চলতি বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ছয়টি জেলা নিয়ে বিভাগ করার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই দিন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুমিল্লায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছিল। গতকাল বিভাগ ঘোষণা না করায় হতাশ হয়েছে এ অঞ্চলের বাসিন্দারা।