বিভাগ পরিবর্তন নিয়ে বিপাকে আট শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আট শিক্ষার্থীর বিভাগ পরিবর্তন করায় প্রধান শিক্ষকের আদেশের বিরুদ্ধে উপজেলা সহকারী জজ আদালতে মামলা করেছে এক ছাত্রী। আদালত স্থিতাবস্থা বজায় রাখার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আগামীকাল রোববার এ ব্যাপারে শুনানি হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোছা. আফসানা আইরিন, নুসরাত তামান্না, নাজমুল হোসেন, রনক, আজমেরী আক্তার, তাইফুর রহমান, রিয়া আক্তার ও মঈন শাহরিয়ার জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ভর্তির সময় তারা প্রতিষ্ঠানের ভর্তি ফি বাবদ এক হাজার ৬৬০ টাকা রশিদের মাধ্যমে জমা দেয়। এ ছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী হিসেবে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনও পরিশোধ করে। ইতিমধ্যে তারা বিজ্ঞানের বই কিনে পড়ালেখা ও ক্লাস করে আসছিল। হঠাৎ গত ফেব্রুয়ারির শুরুতে প্রধান শিক্ষক আমিন উজ্জামান তাদের মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির নির্দেশ দেন। অভিভাবকেরা প্রধান শিক্ষককে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ করেন। কিন্তু প্রধান শিক্ষক সিদ্ধান্তে অনড় থাকেন। বর্তমানে ওই আট শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ রয়েছে।এদিকে চলতি মাসেই ওই স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এই অনিশ্চয়তায় মঈন শাহরিয়ার বদলি নিয়ে অন্যত্র চলে গেছে।বাদীপক্ষের আইনজীবী আমজাদ হোসেন বলেন, ‘আমার বাদীর বিজ্ঞান বিভাগে ভর্তির বিষয়টি ৩ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। ওই দিন বিবাদীদের আপত্তি বিষয়ে শুনানি শেষে আদালত পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’ বিবাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আদালতে মামলার বিরুদ্ধে আপত্তিতে বলা হয়েছে, বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত তাঁদের একক সিদ্ধান্ত নয়। স্কুলটি সেনাসদরের তত্ত্বাবধানে স্থানীয় ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত হয়। সবকিছু বিবেচনা করে বোর্ড এ বছর ৪৫ শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে ভর্তির অনুমোদন দিয়েছে। তাই মেধাক্রম বিবেচনায় বাদীসহ কয়েকজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পায়নি।বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়ার পর অন্য বিভাগে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষক মো. আমিন উজ্জামান বলেন, প্রাথমিকভাবে তাদের শুধু নবম শ্রেণীতে ভর্তি করা হয়েছে। কোনো বিভাগ চূড়ান্ত করা হয়নি। বিভাগ চূড়ান্ত করে ক্যান্টনমেন্ট বোর্ড। শিক্ষার্থীরা নিজেরাই ফরমে বিজ্ঞান বিভাগ লিখে ভর্তি ফরম জমা দিয়েছে। স্কুলের কাগজপত্রে এটা উল্লেখ নেই।