বিভাগ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি
ময়মনসিংহকে বিভাগে উন্নীত করাসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহে বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে ২০ মিনিটের কর্মবিরতি এবং রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে শহরের সব রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। বিপণিবিতান বন্ধ রেখে ব্যবসায়ীরাও রাস্তায় অবস্থান নেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচি চলাকালে নাগরিক আন্দোলনের নেতারা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে ময়মনসিংহকে দ্রুত বিভাগ করার জোর দাবি জানান। তাঁরা বলেন, ‘এ জন্য আমরা চলতি বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফরের দিকে চেয়ে আছি।’ এ সময় ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।