বিভাগজুড়ে ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ডলফিন ক্লিনিকের মালিক শামিউল উদ্দিন আহম্মেদ ওরফে শিমুল জামিন না পেলে আজ রোববার দুপুর ১২টা এক মিনিট থেকে গোটা রাজশাহী বিভাগে ধর্মঘট পালনের হুমকি দিয়েছেন চিকিৎসকেরা। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে চিকিৎসকদের বৈঠকে এ হুমকি দেওয়া হয়।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী জেলা শাখার সভাপতি এস আর তরফদার জানান, রোববার দুপুর ১২টার মধ্যে শামিউলের জামিন না হলে ১২টা এক মিনিট থেকে রাজশাহী বিভাগজুড়ে ধর্মঘট পালন করা হবে। তিনি বলেন, ভুল চিকিৎসায় রোগী মারা গেলে ৩০৪ ধারায় মামলা হতে পারে। কিন্তু এই ক্লিনিক মালিকের বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলা দেওয়া হয়েছে।
রোগীদের জিম্মি করে আন্দোলন প্রসঙ্গে এস আর তরফদার বলেন, ‘আন্দোলনই তো প্রতিবাদের ভাষা। আমরা তো রাস্তায় নেমে ট্রাক ভাঙচুর করছি না। জাস্ট হাতটা গুটিয়ে বসে আছি।’ এদিকে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীরা হাসপাতালের বাইরে শামিউল উদ্দিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বিএমএ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান চিকিৎসক নেতাদের নিয়ে নগরের একটি রেস্তোরাঁয় বৈঠক করেন। সেখানে তিনি আজ রোববারের মধ্যে শামিউলের জামিনের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকেরা গতকাল সকালে কাজে যোগ দেন।
ডলফিন ক্লিনিকে একজন রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির মালিক শামিউল উদ্দিনের জামিন নামঞ্জুর করে গত বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর প্রতিবাদে ওই দিন বিকেল চারটা থেকে ধর্মঘটের ডাক দেয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। বিএমএসহ চিকিৎসা-সংশ্লিষ্ট সব সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
যোগাযোগ করলে এ এইচ এম খায়রুজ্জামান বলেন, আটক চিকিৎসকের জামিনের ব্যাপারে তাঁর দিক থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
শামিউল উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। বর্তমানে তিনি বিএমএ রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক।
গত ২৯ জানুয়ারি ডলফিন ক্লিনিকে ভাঙা পায়ের চিকিৎসা নিতে আসা আনোয়ারুল হক নামের একজন ব্যবসায়ীকে চেতনানাশক ইনজেকশন দেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন।
এর আগে গত বছরের ৬ নভেম্বর একই ক্লিনিকে একইভাবে ভাঙা হাতের চিকিৎসা নিতে এসে মুস্তাকিন নামের আট বছরের একটি শিশুর মৃত্যু হয়। হাতে অস্ত্রোপচারের পর তার আর জ্ঞান ফেরেনি। এ খবর নগরে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ডলফিন ক্লিনিকে ভাঙচুর করেন। এ ছাড়া ২০০৮ সালের ২১ জুলাই মারা যান তানোরের গৃহিণী মমতাজ বেগম। ডলফিন ক্লিনিকে অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচারের পর তাঁর আর জ্ঞান ফেরেনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাঁর মৃত্যু হয়।
অর্থোপেডিক চিকিৎসকদের কালো ব্যাজ ধারণ: চিকিৎসক শামিউল উদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে আজ রোববার দেশের সব হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসকেরা সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলো ব্যাজ ধারণ করবেন। গতকাল ঢাকায় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সোসাইটির সভাপতি খন্দকার আব্দুল আউয়াল রিজভী ও মহাসচিব মো. আব্দুল গণি মোল্লাহ্ যৌথ বিবৃতিতে সামিল উদ্দিনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেন।